• আজ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ড. ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ১০:৪৫ অপরাহ্ণ | ২৪/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন বিশ্বস্ত সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি নিঃস্বার্থ নিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গত ২২ বছরের অভিজ্ঞতায় মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করা যায়, যিনি নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অনুজদের ভালো রাখাতেই আনন্দ পান।

বেগম খালেদা জিয়ার প্রতি মির্জা ফখরুলের অতুলনীয় আনুগত্যের কথা স্মরণ করে তিনি লেখেন, দলের চেয়ারপারসনের মুক্তি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তিনি নিজের জীবনের মূল ব্রত হিসেবে নিয়েছিলেন। ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত কথোপকথনে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে, বেগম জিয়াকে মুক্ত করতে পারা এবং গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনতে পারার মধ্যেই তার জীবনের তৃপ্তি নিহিত।

ফাহাম আরও উল্লেখ করেন, বিএনপির তরুণ নেতাকর্মীদের একটি বড় অংশ তাকে কেবল দলের নয়, বরং দেশের মহাসচিব হিসেবে দেখতে ভালোবাসেন। বঙ্গভবনে তার রাষ্ট্রপতির দায়িত্বগ্রহণ নিয়ে তিনি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জাতি হিসেবে একজন অভিভাবকসুলভ রাষ্ট্রপতি পাওয়া আনন্দের হলেও, বিএনপিতে এমন একজন নিঃস্বার্থ মানুষের শূন্যতা পূরণ করা অত্যন্ত কঠিন হবে। রাজনীতিতে যে সৎ ও ভালো মানুষের স্থান রয়েছে, মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন এই লেখক।