
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক অঙ্গনে তার সততা, দায়িত্বশীলতা ও ত্যাগের নানা দিক তুলে ধরেন।
পোস্টে ফাহাম আব্দুস সালাম দীর্ঘ ২২ বছর ধরে মির্জা ফখরুলকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা বর্ণনা করে তাকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, মির্জা ফখরুল নিজের সুখ-স্বার্থ ত্যাগ করে অনুজদের বিলিয়ে দেওয়ার মধ্যেই আনন্দ খুঁজে পান। তার কর্মস্পৃহা এবং ভদ্র আচরণই তার সাফল্যের মূল চাবিকাঠি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি তার আনুগত্যের কথা উল্লেখ করে ফাহাম জানান, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত কথোপকথনে মির্জা ফখরুল তাকে বলেছিলেন, বেগম জিয়াকে মুক্ত করা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার মাধ্যমেই তার জীবনের মূল কাজ সম্পন্ন হয়েছে। ফাহাম মন্তব্য করেন, রাজনীতিতে মির্জা ফখরুলের মতো একজন অনুগত ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাওয়া যে কোনো নেতার জন্যই সৌভাগ্যের বিষয়, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন একজন ‘সাহাবি’ পাবেন কি না, তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে আনন্দ ও হতাশা— উভয় দিক থেকেই দেখছেন ফাহাম। তার মতে, জাতি হিসেবে অভিভাবক হিসেবে পাওয়ার মতো সঠিক মানুষকেই রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে। তবে বিএনপিতে এমন একজন নেতার বিকল্প খুঁজে পাওয়া কঠিন, যিনি নিজের চেয়ে দল ও দেশের স্বার্থকে সবসময় প্রাধান্য দিয়েছেন। রাজনীতিতে যে সৎ ও ভালো মানুষের স্থান রয়েছে, মির্জা ফখরুলের জীবন ও সংগ্রাম তারই প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।























