
ইয়েমেনজুড়ে ২৪ ঘণ্টায় ১১০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলছে, রবিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানান। তাঁর দাবি, ইয়েমেনের রাজধানী সানা ছাড়াও হোদেইদাহ, তাইজ, আমরান, হাজ্জাহ, সা'দা, আল-জওফ, আল-দালি ও মারিব গভর্নরেটের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়।
ইয়াহিয়া সারি আরও জানান, হামলায় এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। খামিস মুশাইত ও তাইফের বিমানঘাঁটি থেকে এসব যুদ্ধবিমান উড্ডয়ন করে। পাশাপাশি সৌদি আরবের নাজরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প-শির সাথে বৈঠকের প্রস্তাব পুতিনের
হুথি সামরিক মুখপাত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫২টিতে।
তবে এসব হামলা ও হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা উল্লেখ করেনি সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো। হামলার সংখ্যা ও হতাহতের তথ্যও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।























