
খুলনা ও বাগেরহাট সফরের অংশ হিসেবে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলার দাকোপ উপজেলায় পৌঁছেছেন তিনি।
সফরে তিনি সুন্দরবনের বিভিন্ন এলাকা আকাশপথে পরিদর্শনের পাশাপাশি মোংলা বন্দর ও প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন ঘুরে দেখবেন। এ ছাড়া সরকারি একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে হিরণ পয়েন্ট ও আশপাশের সুন্দরবন এলাকা আকাশপথে পরিদর্শন করবেন।
এরপর সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে তার। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের মোংলায় যাবেন প্রধানমন্ত্রী।
বেপরোয়া গাড়ির গতি, সড়কে থামছে না মৃত্যুর মিছিল
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন তিনি। সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন।
বিকেলে মোংলা বন্দরের কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সাথে থাকবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়েছে বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে।























