
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় তৃতীয় দিনের মত আবারও শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকদের ইট-পাটকেল নিক্ষেপ এবং পুলিশের টিয়ারশেল নিক্ষেপে ফতুল্লার কাঠেরপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বুধবার সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন। একপর্যায়ে কয়েকটি কারখানার কয়েকশ শ্রমিক একযোগে বেরিয়ে এসে বিক্ষোভে যোগ দেন। এতে কাঠেরপুলসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া এলাকায় সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাষাড়া মোড় ও আশপাশের এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পাশাপাশি দুই গাড়ি বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত সোমবার ও মঙ্গলবারও ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এতে চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুই দিনই সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। তবে সকাল থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ রোডে প্রবেশ করতে পারেনি শ্রমিকরা সেখানে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।






















