• আজ

সৌদির রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল আরামকো টাওয়ারের দরজা-জানালা

সৌদির রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল আরামকো টাওয়ারের দরজা-জানালা

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণের পর দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত আরামকো টাওয়ারের বেশ কয়েকটি তলার জানালার কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের অন্যতম উঁচু ভবন আরামকো টাওয়ারের একাধিক তলার জানালার কাচ বিস্ফোরণের অভিঘাতে ভেঙে গেছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার চেষ্টার পর ধ্বংসাবশেষ ভবনটির ওপর পড়ায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ নিহত বা আহত হননি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করে, ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরে রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আরও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় জোটটি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, রোববার সকালে রিয়াদজুড়ে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ আগে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি নিরাপদ বলে ঘোষণা দেওয়া হয়।

ইয়েমেনে সৌদির বিমান হামলায় ৮৩ হুথি যোদ্ধা নিহত

এদিকে ঘটনার বিষয়ে সৌদি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করে হুথি গোষ্ঠীর পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

গত জুলাইয়ে ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে হুথিরা। অন্যদিকে ইয়েমেনে হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যে বৃহত্তর সংঘাত ছড়িয়ে পড়ে, সৌদি আরব ও হুথিদের মধ্যকার নতুন লড়াই সেই সংঘাতের আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।