• আজ

ফরিদপুরে ‎পার্কিং করা বাসে দুর্বৃত্তের আগুন, চালক নিহত

ফরিদপুরে ‎পার্কিং করা বাসে দুর্বৃত্তের আগুন, চালক নিহত

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে গভীর রাতে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন শেখ (৩৪) নিহত হন।

সোমবার (৯ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নতুন বাসস্ট্যান্ডে একটি লোকাল বাস পার্কিং করে ঘুমিয়ে পড়েন চালক কালাচাঁন শেখ। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনের ধোঁয়া মুহূর্তেই বাসের ভেতরে ছড়িয়ে পড়লে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে বাসের ভেতরেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

,