
১০ নভেম্বর ২০২৬, ০২: ০৯ পিএম
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার আসামিকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। ছবি : পুলিশের সৌজন্যে
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়।
এর আগে, সোমবার (৯ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, বরুড়ায় ৪ জন, লাকসামে ৭ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, তিতাসে ৪ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ১ জন, দেবিদ্বারে ৬ জন, মুরাদনগরে ৪ জন, বাঙ্গরা বাজার থানায় ১ জন এবং লালমাই থানায় ৭ জন রয়েছেন। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারেন, সে লক্ষ্যে জেলার বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।
১০ নভেম্বর ২০২৬, ০১: ৩৬ পিএম
বরগুনায় সড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ
বরগুনা-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ। ছবি : ভিডিও থেকে নেওয়া
বরগুনার বেতাগীতে টায়ার জ্বালিয়ে বরগুনা-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দখালী বাইপাস এলাকায় এ কর্মসূচির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত শিকদারের নেতৃত্বে প্রায় অর্ধশত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁদের হাতে ব্যানার দেখা যায়। পরে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ ঘটনায় কেউ আটক হয়েছেন কি না এবং কতক্ষণ সড়কে যান চলাচল বন্ধ ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
১০ নভেম্বর ২০২৬, ০১: ৩২ পিএম
রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা
রাজশাহীর তানোরে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর বাজারে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীরা জানান, রাতের কোনো এক সময় আজিজপুর বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কার্যালয়ের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করে অভিযোগ করেছেন। তাদের দাবি, পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাতের আঁধারে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
১০ নভেম্বর ২০২৬, ০১: ২৭ পিএম
খুলনায় বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন
খুলনার বটিয়াঘাটায় জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। ছবি : এশিয়া পোস্ট
খুলনার বটিয়াঘাটায় জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, তিনটি মোটরসাইকেলে করে পাঁচ যুবক কার্যালয়ের সামনে এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলেন। ঘটনাস্থলে পেট্রোলের বোতল ও পেট্রোলের গন্ধ পাওয়া গেছে বলেও দাবি করেন তারা।
বটিয়াঘাটা থানা বিএনপির সদস্যসচিব মো. ফারুক তালুকদার বলেন, ভোর সাড়ে ৬টার দিকে একটি সন্ত্রাসী দল মোটরসাইকেলে এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, এ ঘটনার পেছনে একটি গোষ্ঠীর পরিকল্পিত নাশকতা রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের লোকজন জড়িত বলে তার অভিযোগ।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে তিনটি মোটরসাইকেলে পাঁচ যুবক এসে কার্যালয়ের ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা শহর থেকে এসে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
১০ নভেম্বর ২০২৬, ০১: ০৭ পিএম
মোহনগঞ্জে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা
স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে স্টেশনের পশ্চিম পাশে থাকা ট্রেনটির ‘ড’ বগিতে এ ঘটনা ঘটে। প্রথমে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার জহিরুল ইসলাম।
১০ নভেম্বর ২০২৬, ১২: ৫৭ পিএম
জীবিকার একমাত্র অবলম্বন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা, দিশেহারা মালিক
দুর্বৃত্তদের দেওয়া আগুনে গাড়িটি পুড়ে যাওয়ায় জীবিকা নিয়ে দিশেহারা মোহাম্মদ শাহীন। ছবি : এশিয়া পোস্ট
খাগড়াছড়ি পৌর শহরে আগুনে পুড়ে গেছে মোহাম্মদ শাহীনের একমাত্র উপার্জনের অবলম্বন পুরোনো জিপগাড়িটি। গাড়িটি চালিয়েই চলত তার সংসার। রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গাড়িটি পুড়ে যাওয়ায় এখন জীবিকা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা জিপগাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন দিয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে এসে গাড়িটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান তিনি। গাড়িটি চালিয়েই জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এই জিপগাড়ি। সেটি পুড়ে যাওয়ায় এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
শাহীন দাবি করেন, অগ্নিকাণ্ডে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে গাড়িটির আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
১০ নভেম্বর ২০২৬, ১২: ৫৫ পিএম
পাবনায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বেড়া কলেজে ছাত্রলীগের তালা
পাবনায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে জেলার ঈশ্বরদী, চাটমোহর ও বেড়া উপজেলায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার লালন শাহ সেতু মোড়ে ঢাকা-পাবনা-কুষ্টিয়া মহাসড়কে অবস্থান নেন নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভ চলাকালে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শিরহান শরীফ তমালসহ স্থানীয় শীর্ষ নেতাদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।
অন্যদিকে, একই রাতে পাবনা-চাটমোহর আঞ্চলিক মহাসড়কেও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পাবনা জেলা ছাত্রলীগের নেতা অন্তুর নামেও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের।
এদিকে, ঘোষিত ‘সর্বাত্মক ধর্মঘটের’ প্রতি সমর্থন জানিয়ে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কলেজটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া পাবনা জেলা ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে এসব কর্মসূচির ছবি ও ভিডিও নিয়মিত প্রকাশ করা হচ্ছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় সাময়িক অসুবিধার সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
১০ নভেম্বর ২০২৬, ১২: ৫৩ পিএম
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সড়ক অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং যান চলাচলে বাধা দেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা পাটগাতী এলাকায় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালান। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, গতকাল রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
১০ নভেম্বর ২০২৬, ১২: ৫০ পিএম
টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের
চট্টগ্রামের আনোয়ারায় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি ও অবরোধের চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সড়কে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কের ওপর কয়েকটি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন স্লোগানও দেন তারা। এতে সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরে সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায়। তাদের অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
১০ নভেম্বর ২০২৬, ১২: ৪৭ পিএম
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন, পুলিশ হেফাজতে ৮
খাগড়াছড়ির গুইমারায় গভীর রাতে আগুনে পুড়ে গেছে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়। আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ভেতরের সব মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় কার্যালয়টিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কার্যালয়ের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান এশিয়া পোস্টকে জানান, বিএনপি কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে খাগড়াছড়ি সদর থেকে দুটি এবং মাটিরাঙ্গা উপজেলা থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে কার্যালয়ের আসবাবপত্রসহ পুরো স্থাপনা পুড়ে গেছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটি পরিকল্পিত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে তারা মনে করছেন। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, আওয়ামী লীগের কর্মীরা পরিকল্পিতভাবে তাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছেন। এ ঘটনায় তারা মামলা করবেন, যার প্রস্তুতি চলছে।
তিনি বলেন, দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু বিএনপির কার্যালয়ে হামলা নয়, রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করারও অপচেষ্টা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দা দিদারুল ইসলাম বলেন, রাতের আঁধারে কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় তাঁরা আতঙ্কিত। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য এলাকায় নিরাপত্তা জোরদার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, সোমবার রাতে বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
১০ নভেম্বর ২০২৬, ১২: ৩৮ পিএম
জাবির প্রধান ফটকে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকে (ডেইরি গেট) তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ১০ নভেম্বরের ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম বলেন, ‘গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে হঠাৎ ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। তখন পুলিশ টহলে ছিল। পুলিশ ডেইরি গেট থেকে প্রধান ফটক হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার পথে মাত্র এক মিনিটের মধ্যে তারা এ ঘটনা ঘটিয়ে দ্রুত সরে পড়ে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে পাওয়া তথ্যও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।’
প্রক্টর আরও বলেন, ‘পুলিশকে টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।’
১০ নভেম্বর ২০২৬, ১২: ৩৫ পিএম
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, তদন্তে পুলিশ
নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা ‘আল বারাকা পরিবহন’-এর দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত গভীর রাতে হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, বাইপাস গাবতলী মোড় এলাকায় রাস্তার পাশে তিনটি বাস সারিবদ্ধভাবে পার্কিং করা ছিল। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আচমকা দুটি বাসে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলহান শিখা বাস দুটিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিস ও স্থানীয় থানায় জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার সময় বাস দুটিতে কোনো চালক, হেলপার বা যাত্রী ছিলেন না। অগ্নিকাণ্ডে যানবাহন দুটির বেশ ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার আশেপাশেও সন্দেহভাজন কাউকে প্রত্যক্ষদর্শীরা দেখতে পাননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসকে সহায়তা করে। কীভাবে বা কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়।
তিনি আরও উল্লেখ করেন, ঘটনার মূল কারণ উদঘাটনে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া চলছে।
১০ নভেম্বর ২০২৬, ১২: ৩৪ পিএম
ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তের আগুন, চালক নিহত
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে গভীর রাতে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন শেখ (৩৪) নিহত হন।
সোমবার (৯ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নতুন বাসস্ট্যান্ডে একটি লোকাল বাস পার্কিং করে ঘুমিয়ে পড়েন চালক কালাচাঁন শেখ। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনের ধোঁয়া মুহূর্তেই বাসের ভেতরে ছড়িয়ে পড়লে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে বাসের ভেতরেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
১০ নভেম্বর ২০২৬, ১২: ৩৩ পিএম
গাজীপুরে কাভার্ডভ্যান ও বাসে আগুন দিল দুর্বৃত্তরা
গাজীপুরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দাঁড়িয়ে থাকা একটি বাস ও কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে চন্দ্রা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানেও একইভাবে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে পরপর দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, সোমবার রাত ১১টার দিকে জেলার কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, চন্দ্রা ত্রিমোড়ের অদূরে একটি কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে ভোরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
১০ নভেম্বর ২০২৬, ১২: ৩২ পিএম
বরগুনা জিলা স্কুলের গেটে ‘ছাত্রলীগের তালা’, পুলিশের সহায়তায় সচল বিদ্যালয়
বরগুনা সরকারি জিলা স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ফটকের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারসংবলিত পোস্টার টানানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেখতে পান শিক্ষক-কর্মচারীরা। এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তালা ভেঙে বিদ্যালয় খুলে দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালে কর্মীরা বিদ্যালয়ে এসে প্রধান ফটকে তালা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বরগুনা সরকারি জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল ওহাব বলেন, আজ বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষা রয়েছে। সকালে স্কুলের স্টাফ ফারুক গেট খুলতে গিয়ে দেখেন, প্রধান ফটকে তালা দেওয়া। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার পর তালা ভেঙে বিদ্যালয় খোলা হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সাধারণত নিজেরাই তালা দিয়ে রাখে। তবে ওই তালার ওপর কেউ ব্যানার বা ফেস্টুন লাগিয়ে গেলে সেটি আলাদা বিষয়। কারা ব্যানার ও পোস্টার লাগিয়েছে, তা শনাক্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
১০ নভেম্বর ২০২৬, ১২: ৩০ পিএম
বরগুনায় রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন
বরগুনার বেতাগীসহ জেলার বিভিন্নস্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। উপজেলা পরিষদ ভবন, পৌরসভা কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে বেতাগী উপজেলা পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সময়ে বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে বেতাগী সরকারি কলেজেও তালা দেওয়া হয়। এবং বেতাগী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাঁচে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
রাতের বিভিন্ন সময়ে বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়া হোসনাবাদ ও মোকামিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়েও তালা দেওয়া হয়। এসব স্থানে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের পোস্টার লাগানো হয়।
এছাড়া বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের চান্দখালী বাইপাস এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে তারা। জেলার পাথরঘাটা সরকারি কলেজেও তালা দেওয়া হয়। এছাড়া বামনা উপজেলার রামনা শের-ই-বাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক (এনাম) বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোলভর্তি বোতল উদ্ধার করা হয়। পাশাপাশি তালাবদ্ধ প্রতিষ্ঠানগুলোর তালা খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
১০ নভেম্বর ২০২৬, ১২: ২৯ পিএম
রাজশাহীতে যুবদল নেতার চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে যুবদল নেতা মোহাম্মদ সাঈদুল ইসলামের চেম্বারের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম বড় মসজিদ মোড় এলাকায় বাইপাস সড়কের পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন বাইরে বেরিয়ে এসে ঘটনাস্থলে দুটি ককটেল দেখতে পান। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছিল এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
যুবদল নেতা মোহাম্মদ সাঈদুল ইসলাম বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে তিনি একটি জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন। এরপর ওয়াশরুমে থাকার সময় খবর পান যে, তার চেম্বারের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। দ্রুত নিচে নেমে এসে একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেল বলেন, ঘটনার সময় তিনি ট্রেনে ঢাকা থেকে রাজশাহীতে ফিরছিলেন। নেতাকর্মীরা ঘটনার ভিডিও ফুটেজ ও বিস্তারিত তথ্য তাকে জানিয়েছেন। এ ঘটনার পরপরই যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন। রাজশাহীতে পৌঁছে তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহমুদুল হাসান বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১০ নভেম্বর ২০২৬, ১২: ২৮ পিএম
নেত্রকোনায় ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, রেললাইনে আগুন
নেত্রকোনায় অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সঙ্গে জেলার চল্লিশা এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে শহরের আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা সরকারি কলেজসহ প্রায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আতঙ্কা দেখা দেয়।
এ ছাড়া চল্লিশা এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা এবং টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এদিকে ছাত্রলীগকে প্রতিহত করতে তাৎক্ষণিক মাঠে নামে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রাব্বির নেতৃত্বে রাতভর মোটরসাইকেল নিয়ে শহরের অলিগলিতে মহড়া দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই এবং এ বিষয়ে অভিযোগও আসেনি। তবে রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ভিডিওটি আমাদের নজরে এসেছে। যদিও এতে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যায়নি।
যে কোনো অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে ওসি আবুল খায়ের বলেন, এরই মধ্যে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১০ নভেম্বর ২০২৬, ১২: ২৭ পিএম
এবার উত্তরায় মাইলস্টোন কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ওই ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উত্তরা পশ্চিম থানা-পুলিশের পক্ষ থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি অস্বীকার করা হয়েছে। তবে মাইলস্টোন কলেজের সামনে ককটেল বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ এশিয়া পোস্টের হাতে এসেছে।
এ ছাড়া ককটেল বিস্ফোরণের বিষয়ে উত্তরা পশ্চিম থানার ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক জুয়েল ফেসবুকে পোস্ট দিয়েছেন। অপরদিকে গোয়েন্দা সূত্রও ককটেল বিস্ফোরণের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর ও ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এমন কোনো ঘটনা তাদের জানা নেই।
এর আগে সোমবার রাত ৯টার দিকে গাজীপুর-ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিমউদ্দিন মহাসড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
উত্তরা বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ পরিদর্শক এশিয়া পোস্টকে বলেন, উত্তরার পূর্ব থানাধীন জসিমউদ্দিন মোড়ে একটি একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
১০ নভেম্বর ২০২৬, ১২: ২৫ পিএম
পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’ এর ফেসবুক আইডিসহ একাধিক অ্যাকাউন্টে এ সংক্রান্ত কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অন্তত কয়েক হাজার নেতাকর্মী বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তারা অবস্থান চালান।
অবস্থানকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। তবে এসব বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে মন্তব্য জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
১০ নভেম্বর ২০২৬, ১২: ২৩ পিএম
গোপালগঞ্জে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
গোপালগঞ্জ শহরের একাধিক পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে শহরের শিল্পকলা একাডেমি এলাকা, সরকারি মহিলা কলেজের সামনে, গোপালগঞ্জ সরকারি কলেজের গেটের সামনে, পাচুড়িয়া ব্রিজ ও জেলা প্রশাসন স্কুলসংলগ্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এবং মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনা হয়। একই সময়ে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
যোগাযোগ করা হলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘কিছু শব্দ আমরা শুনেছি। বর্তমানে কালীপূজা চলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের টহল অব্যাহত আছে। তবে সেখানে আগুন দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
এদিকে কোটালীপাড়া ও মুকসুদপুর থানার ওসিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টার পরও যোগাযোগ করা সম্ভব হয়নি।
১০ নভেম্বর ২০২৬, ১২: ২১ পিএম
মানিকগঞ্জে পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ঢাকা-আরিচায় মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দ্রুত কেটে পড়ে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড, রাজনৈতিক কার্যালয় ছাড়াও পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং ঘিওর বাসস্ট্যান্ডের সামনে ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।
১০ নভেম্বর ২০২৬, ১২: ২০ পিএম
সাভারে স্কুলের প্রধান ফটকের সামনে ব্যাগে মিলল ককটেল
ঢাকার সাভার মডেল থানার পার্শ্ববর্তী অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে পরিত্যক্ত ব্যাগে তিনটি ককটেল শনাক্ত করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ককটেল শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম। এর আগে রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানা সংলগ্ন ওই বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ককটেলভর্তি ব্যাগটি শনাক্ত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সাদা রঙের বাজারের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। ব্যাগটির ভেতরে সন্দেহজনক বস্তু লক্ষ্য করে তারা তাৎক্ষণিকভাবে সাভার মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি সাদা বাজারের ব্যাগে লাল স্কস্টেপ পেঁচানো অবস্থায় তিনটি তাজা ককটেল সাদৃশ্য বস্তু দেখা গেছে। তবে সেগুলো এখনও উদ্ধার বা নাড়াচাড়া না করে সতর্কতার সঙ্গে ঘিরে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) এলে পরবর্তী আইনগত ও উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
১০ নভেম্বর ২০২৬, ১২: ১৮ পিএম
বাগেরহাটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন পিকআপচালক।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের মানিকতলা এলাকায় খুলনা-বাগেরহাট-বরিশাল মহাসড়কের পাশে বাগেরহাট সি ফুডের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পিকআপচালক বলেন, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে তার গাড়ির কাছে নামে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয়। তার ডাক-চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তিনি নিজেই গাড়ির আগুন নিভিয়ে ফেলেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি পিকআপের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি সামসুল আরেফিন।
১০ নভেম্বর ২০২৬, ১২: ১৭ পিএম
আদাবরে পরপর ৪ ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক চার
রাজধানীর আদাবরে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া হাতিরঝিল থানার মগবাজার এলাকায় চেকপোস্টে ককটেল মারার সময় চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে মগবাজারের চেকপোস্টে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই সময় আদাবরে টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাত সাড়ে ৯টায় মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপ করার চেষ্টাকালে চারজনকে আটক করা হয়েছে বলে জানান ইবনে মিজান।
১০ নভেম্বর ২০২৬, ১২: ১৬ পিএম
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরিত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, বিস্ফোরণের কিছুক্ষণ পর মুক্তিযোদ্ধা ভবনের পেছনে অবস্থিত ক্যাফে একাত্তর-এর জেনারেটর অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে ককটেল বিস্ফোরণ ও জেনারেটরে আগুন লাগার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
১০ নভেম্বর ২০২৬, ১২: ১৪ পিএম
খুলনায় কৃষক দলের সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
খুলনার দৌলতপুরে কৃষক দলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের একটি ঘরোয়া আলোচনা সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে নিক্ষেপ করা বস্তুটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হননি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরে সেভ অ্যান্ড সেভের সামনে অবস্থিত টিনশেড কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর কৃষক দলের নেতাকর্মীরা।
খুলনা মহানগর কৃষক দলের আহ্বায়ক সজিব তালুকদার জানান, সোমবার রাতে ওই টিনশেড কক্ষে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া আলোচনা সভা চলছিল। এ সময় দুর্বৃত্তরা সভা লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
সজিব তালুকদার দাবি করেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আগামী ডিসেম্বরে তাদের নেত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা থাকতে পারে বলে বিভিন্ন আলামত থেকে তাদের মনে হচ্ছে। এ ঘটনায় ওই চক্রকে সন্দেহ করছেন তারা। তবে তদন্তের মাধ্যমে কারা জড়িত, তা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে পরে ঘটনাস্থলে যান। ওই কক্ষটি কোনো দলীয় কার্যালয় নয়; সেখানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বসে আলোচনা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ একটি বোমা উদ্ধার করা হয়েছে। কৃষক দলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঘরোয়া সভা চলাকালে সভাস্থলের সামনে এ ঘটনা ঘটে। উদ্ধার করা বস্তুটি বিস্ফোরিত হয়নি।
১০ নভেম্বর ২০২৬, ১২: ১৩ পিএম
ঢাকার মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
রাজধানীর মালিবাগ ও মৌচাক এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়। অল্প সময়ের ব্যবধানে একাধিক বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে দেশ টেলিভিশনের কার্যালয়ের সামনে। এর কিছুক্ষণ পর মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি। পুলিশও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ধোঁয়ায় স্টেশনের ভেতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ছোটাছুটি শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে স্টেশন বন্ধ রাখা হয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, স্টেশনের নিচে আগুন লাগার কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টার কিছু পর থেকে স্টেশনের কার্যক্রম আবার চালু করা হয়।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে পোস্তগোলা সেতুর ওপর দুটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আগুন নিভে গেলে যানচলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
ডিএমপির শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পোস্তগোলা সেতুতে এমন একটি ঘটনার তথ্য তারা পেয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অপরদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেল স্টেশনসংলগ্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পালানোর সময় দুজনকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধারের তথ্য পাওয়া গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট গিয়ে বৃষ্টির মধ্যেই অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
একই দিন সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ নভেম্বর ২০২৬, ১২: ১১ পিএম
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় প্রথমে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সন্ধ্যা ৭টার দিকে ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে স্কচটেপে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ সেটি উদ্ধার করে পানিভর্তি একটি বালতিতে রাখে।
এর প্রায় ১০ মিনিট পর সন্ধ্যা ৭টার দিকে ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা থানার সামনে ককটেল নিক্ষেপ করেছে। এ ছাড়া ইকুরিয়া বাজারেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
১০ নভেম্বর ২০২৬, ১২: ০৭ পিএম
এবার মিরপুরে বসুমতি বাসে আগুন
রাজধানীর ফার্মগেটের পর এবার রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সোমবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সতর্ক থাকা উচিত।
এর আগে সোমবার সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ধোঁয়ায় স্টেশনের ভেতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ছোটাছুটি শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে স্টেশন বন্ধ রাখা হয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, স্টেশনের নিচে আগুন লাগার কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টার কিছু পর থেকে স্টেশনের কার্যক্রম আবার চালু করা হয়।
১০ নভেম্বর ২০২৬, ১২: ০৬ পিএম
জবির গেটে ককটেল বিস্ফোরণ, আটক ১
জবির গেটে ককটেল বিস্ফোরণ একজনকে আটক করে জনতা। ছবি: এশিয়া পোস্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে।
আটক শিক্ষার্থীর নাম রেজওয়ান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন এলাকা। এসময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান তারা।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টির সময় দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছেন তারা। ঘটনার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টরা ক্যাম্পাসে ছিলেন না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে।
শাখা ছাত্রদলের হাতে একজন সন্দেহভাজন আটকের বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে আটক করেছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এদিকে বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১০ নভেম্বর ২০২৬, ১২: ০৪ পিএম
ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, দুই দিনে আটক ৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পর দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল ভর্তি একটি ব্যাগ এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এর আগের দিনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে দুই দিনে এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে বৃষ্টির মধ্যে টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই সন্দেহভাজন দুই যুবক পালানোর চেষ্টা করলে শিক্ষার্থী, স্থানীয় লোকজন ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাবির সালেহীন দিপুর স্থায়ী ঠিকানা বাগেরহাট সদর থানার যাত্রাপুর গ্রামে। অপরজন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিলের স্থায়ী ঠিকানা পাবনা জেলার সাঁথিয়া থানার করমজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া গ্রামে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ জানান, টিএসসিতে বিস্ফোরণের শব্দ শোনার পরপরই তারা ধাওয়া শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে একজন এবং উদ্যানসংলগ্ন ফটক থেকে আরেকজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, বিস্ফোরণের পর শিক্ষার্থীরা সন্দেহভাজন দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে তাদের শাহবাগ থানায় পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে টিএসসি, ভিসি চত্বর, সিনেট ভবন, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, নীলক্ষেত তোরণ, জগন্নাথ হল ও শাহবাগ মোড়সহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় টিএসসি ও জগন্নাথ হল এলাকা থেকে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা হলেন- নাটোরের গুরুদাসপুরের রেজাউল করিম (৪২), রাজশাহীর পুঠিয়ার সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার নাজমুস সাদ (৩৩)।
এদিকে ক্যাম্পাসে পরপর দুই দিনের বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এসব ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগকে দায়ী করেছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছেন তিনি।
অন্যদিকে ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান এবং সাধারণ সম্পাদক কাজী আশিক এক যৌথ বিবৃতিতে ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাকে নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
১০ নভেম্বর ২০২৬, ১২: ০২ পিএম
মানিকগঞ্জে ডিসি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
মোটরসাইকেলে এসে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের আগামীকাল দেশব্যাপী ধর্মঘট কর্মসূচিকে সামনে রেখে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০ নভেম্বর ২০২৬, ১১: ৫৮ এএম
গাজীপুরে আজমেরী পরিবহনের ২ বাসে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচল করে আজমেরী পরিবহনের বাস। সজল মিয়া নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন বাস দুটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাজলী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা অপর বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্বিতীয় বাসটির আগুনও নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায়ই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, একই মালিকের বাস দুটি দুই থেকে তিন মাস ধরে সেখানে ফেলে রাখা হয়েছিল। বাস দুটিতে ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়েছে।
১০ নভেম্বর ২০২৬, ১১: ৫৫ এএম
সিএমএম আদালত প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণ, আটক ২
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আটক দুই আসামি হলেন ফয়সাল ও সুকুমার।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার সিএমএম হাজতখানার অফিসার ইনচার্জ এসআই মোর্শেদ আলম বলেন, একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। আমরা সেটিকে জব্দ করেছি। এছাড়া ফয়সাল ও সুকুমার নামে দুইজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তাদের কোতয়ালী থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ডিসি প্রসিকিউশন এবং কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।
১০ নভেম্বর ২০২৬, ১১: ৫২ এএম
ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
রাজধানীর শেরেবাংলা নগর থানার ফার্মগেট এলাকায় মেট্রো স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬ টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় আহত বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুনের ঘটনায় স্টেশনে ধোঁয়ার কারনে ফায়ার এলার্ম বাজতে শুরু করে। স্টেশনের ভিতরে ধোঁয়ার কারনে মানুষজন ছুটাছুটি শুরু করে।
১০ নভেম্বর ২০২৬, ১১: ৪৬ এএম
জামালপুরে রেললাইন ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে আ.লীগের বিক্ষোভ
জামালপুর-ঢাকা রেললাইনের রেলক্রসিংয়ের গেট নামিয়ে টায়ারে আগুন দেন বিক্ষোভকারীরা। ছবি : ভিডিও থেকে নেওয়া
জামালপুরে জামালপুর-ঢাকা রেললাইনের একটি রেলক্রসিংয়ে গেট নামিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই দিন জেলার আরও কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে জামালপুর শহরের বন্দের বাড়ি এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। একই দিন জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিকপাইত এলাকাতেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বন্দের বাড়ি এলাকায় জামালপুর-ঢাকা রেললাইনের রেলক্রসিংয়ের গেট নামিয়ে টায়ারে আগুন দেন বিক্ষোভকারীরা। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লড়াই করে বাঁচতে চাই’, ‘আজকের ধর্মঘট সফল হোক’ এবং ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন স্লোগান দেন।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের ব্যানার নিয়ে কয়েকজনকে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায়। তবে ভিডিওটির স্থান নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিকপাইত এলাকায়ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। সেখানে কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিক্ষোভের কারণে রেল ও সড়ক যোগাযোগে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, এখনো আমি জানি না, অবগত হলাম।
১০ নভেম্বর ২০২৬, ১১: ২৪ এএম
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, তদন্তে পুলিশ
নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা ‘আল বারাকা পরিবহন’-এর দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত গভীর রাতে হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, বাইপাস গাবতলী মোড় এলাকায় রাস্তার পাশে তিনটি বাস সারিবদ্ধভাবে পার্কিং করা ছিল। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আচমকা দুটি বাসে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলহান শিখা বাস দুটিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিস ও স্থানীয় থানায় জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার সময় বাস দুটিতে কোনো চালক, হেলপার বা যাত্রী ছিলেন না। অগ্নিকাণ্ডে যানবাহন দুটির বেশ ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার আশেপাশেও সন্দেহভাজন কাউকে প্রত্যক্ষদর্শীরা দেখতে পাননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসকে সহায়তা করে। কীভাবে বা কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়।
তিনি আরও উল্লেখ করেন, ঘটনার মূল কারণ উদঘাটনে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া চলছে।






















