
বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না; এমন মন্তব্য করে ঝিনাইদহের কালীগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
শুক্রবার (১৩ নভেম্বর) কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যাওয়ার কথা জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে আমির হামজা লেখেন, ‘প্রিয় ঝিনাইদহবাসী, আজ আমি আসছি কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শুনতে এবং সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে।’
তিনি আরও লেখেন, ‘মনে রাখবেন, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না। ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না, ইনশাআল্লাহ। জনগণের সঙ্গে আমার সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়; এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের।’
ঝিনাইদহবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি আসছি, আপনারাও আসুন। দেখা হবে, কথা হবে, মতবিনিময় হবে। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রইলাম। সত্যের পথ কখনো বাধামুক্ত হয় না, কিন্তু সত্যের প্রতি অবিচল থাকাই আমার অঙ্গীকার।’
এদিকে, আমির হামজার এ কর্মসূচিকে ঘিরে তাফসির মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়টি জানিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাফসির মাহফিল আয়োজনের জন্য করা আবেদনটি এখনো অনুমোদন দেওয়া হয়নি। ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর করা আবেদনটি জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়। এ পরিপ্রেক্ষিতে মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।
এ বিষয়ে আয়োজক মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী জানান, গত ২৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি। তখন প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল এবং পরবর্তী সময়ে লিখিত অনুমতিপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত তারা কোনো লিখিত অনুমতি পাননি।























