
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানে আরও বড় পরিসরে হামলা চালানো থেকে তাকে বিরত থাকতে অনুরোধ করেছে। তবে তার দাবি, চাইলে তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিতে পারেন তিনি।
হোয়াইট হাউসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রাখছেন।
ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এভাবেই থাকতে দিই।’ তিনি আরও বলেন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান পদ্ধতি বজায় রাখার পক্ষে।
ওই দেশগুলোর অনুরোধ না থাকলে তিনি ইরানে আরও হামলা চালাতেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, চালাতাম।’
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা থেকে বিরত থেকেছে।
তিনি বলেন, ‘এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। এক দিনের মধ্যে তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনের মধ্যেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে।’
যুদ্ধের কারণে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে প্রভাব পড়েছে বলেও স্বীকার করেন ট্রাম্প। তবে ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে সাফাই দেন তিনি।























