
আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংসদই গণতন্ত্রের প্রাণকেন্দ্র।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ।
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
স্পিকার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সাথে সাথে সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বৃদ্ধি পেয়েছে। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংসদ সদস্যদের ভূমিকা রাখতে হবে। এ ধরনের ওরিয়েন্টেশন কর্মশালা থেকে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ কাজ করছে। বিগত ১৫ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণ এখন নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে। দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইউএনডিপি গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন স্পিকার।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়িত্ব, দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ফ্যাসিবাদকে যেভাবে বিতাড়িত করা সম্ভব হয়েছে, একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সংসদের উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির ধারাবাহিক সহযোগিতার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান স্পিকার। পরে তিনি কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























