
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৬ নভেম্বর) ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক সাদ বিন জাকির এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান।
বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থন এবং সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ছাত্র জমিয়ত।
গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
বিবৃতিতে নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার অন্যতম প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান, গণহত্যা ও দমন-পীড়নের বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এবং নিষিদ্ধ ছাত্রলীগের তাতে সমর্থন ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার পরিপন্থি। এ ধরনের তৎপরতা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র ও প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।
ছাত্র জমিয়তের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও দমন-পীড়নের বিচার নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ঘাটতি জনমনে হতাশা তৈরি করছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অপরাধীদের দ্রুত বিচার এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার কোনো বিকল্প নেই। একই সাথে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক তৎপরতা বন্ধে রাষ্ট্রকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, উপজেলা, পৌরসভা এবং অধীনস্থ সব শাখা-উপশাখার নেতাকর্মীদের আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।























