
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘আমি কখনও তথ্য, ‘যুক্তি ও প্রমাণ ছাড়া কথা বলি না।’
সোমবার (১৬ নভেম্বর) ফেসবুকে করা এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘আজকে গণমাধ্যমে খবরে এসেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুর ঠেকাতে মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। খবরে আরও বলা হয়েছে যে, বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে তারা এমন তথ্য পেয়েছে যে, রাজপথে নিষ্ক্রিয় থেকে সরকারকে চাপে রাখার কৌশল নিয়ে অগ্রসর হবে জামায়াত-এনসিপি।’
তিনি বলেন, ‘ঠিক এ বিষয়ে গত ১০ নভেম্বর আমি বিস্তারিত লিখেছিলাম যে, সরকারকে চাপে রাখার জন্য আওয়ামী দুর্বৃত্তদের নাশকতাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। তারা এই পরিস্থিতিকে বার্গেনিং টুল বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। আমি কখনও তথ্য, যুক্তি ও প্রমাণ ছাড়া কথা বলি না। আজকে গণমাধ্যমে আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াত-এনসিপির নিষ্ক্রিয় থাকার খবর আসার পর আশা করি এ বিষয়ে প্রমাণ পেয়েছেন।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত শুধু জামায়াতের নয়, বরং ভারত জামায়াতকে এই প্রলোভন দেখিয়েছে যে, আওয়ামী লীগের বিষয়ে চুপ থাকলে ভবিষ্যতে ক্ষমতায় আসার বিষয়ে ভারত জামায়াতকে সহযোগিতা করবে। আর সেই ফাঁদে পা দিয়েছে জামায়াত। ভারত আ.লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াতকে নিষ্ক্রিয় রাখার কৌশল নিয়েছে আ.লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার জন্য, জামায়াতকে ক্ষমতায় আনার জন্য নয়।’























