
চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুলির ঘটনার পর ওই ব্যবসায়ীকে ফোন করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ফোনে তাঁকে বলা হয়, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম জাফর আহমদ। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহীদনগর এলাকায়। তাঁর গ্রামের বাড়ি রাউজান উপজেলায়।
জাফর আহমদের অভিযোগ, গত প্রায় ১০ মাস ধরে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। ফোনে নিজেকে রায়হান পরিচয় দিতেন এক ব্যক্তি। সর্বশেষ গত বুধবারও তাঁকে ফোন করে চাঁদা চাওয়া হয়। তবে তিনি এসব হুমকিকে গুরুত্ব দেননি।
ব্যবসায়ী জাফর আহমদ জানান, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে তাঁর বাড়ির ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ওই কক্ষে কেউ না থাকলেও গুলিতে জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, গুলির ঘটনার পরপরই আগের সেই নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি শটগানের খালি কার্তুজ এবং ৭.৬২ বোরের পিস্তলের পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত রায়হান আলম ও ডেভিড ইমন দীর্ঘদিন ধরে তাঁর নাম ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রায় তিন বছর ধরে তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছিল।
গত জুলাইয়ে ডেভিড ইমন গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর থেকে রায়হানের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ সামনে আসছে। তবে রায়হান এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, তাঁর অজ্ঞাতসারে নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র চাঁদাবাজি করছে। তাঁর বাড়িও রাউজান উপজেলায়।
জাফর আহমদকে ফোনে হুমকি দেওয়া ব্যক্তি বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত সেই রায়হান কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি ইখতিয়ার উদ্দিন।























