• আজ

লন্ডনে আওয়ামী লীগের হামলা, যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদের

লন্ডনে আওয়ামী লীগের হামলা, যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদের

লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে নাহিদ বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির প্রতিনিধি এবং ১১ দলীয় ঐক্যের নেতারা অংশ নিয়েছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। তবে অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

নাহিদ বলেন, হামলার সময় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তারা সরাসরি ঘটনাটি দেখেছেন। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের মাধ্যমে হামলার বিষয়টি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোস্টে আওয়ামী লীগের অতীত রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ তুলে নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভয়ভীতি দেখিয়ে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এতে প্রবাসীদের নিরাপত্তার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো দেশে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সহিংসতা বা ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং দেশটির গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সংঘটিত রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।