
বাংলাদেশে সম্প্রতি গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, যেকোনো ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।
সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ মন্তব্য করেন। জাতিসংঘের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা চালিয়েছেন।
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তার প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান ওই সাংবাদিক।
জবাবে ফারহান হক বলেন, ‘আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’
বিক্ষোভ ও প্রতিবাদের অধিকার প্রসঙ্গে জাতিসংঘের অবস্থান স্পষ্ট করে উপমুখপাত্র আরও বলেন, ‘বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে বলে আমরা অবশ্যই মনে করি। তবে আমরা জোর দিয়ে বলতে চাই, যেকোনো প্রতিবাদই শান্তিপূর্ণ হতে হবে।’























