
গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নিয়ে যাওয়া খাবার ছিনিয়ে নেওয়ার পর তা ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তবে ওই খাবার আনসার সদস্যদের সরবরাহের কৃতিত্ব দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশা থেকে বড় একটি সসপ্যান নামিয়ে কয়েকজন ব্যক্তি আনসার সদস্যদের কাছে নিয়ে যাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ!’ ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দিতে দেখা যায়।
তবে শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার বাহিনী দাবি করে, খাবার সরবরাহের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে প্রচার করা হচ্ছে, প্রকৃত ঘটনা তা নয়। জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেসামরিক কর্মীরা খাবার নিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাদের বাধা দেয়। পরে দেশীয় অস্ত্রে সজ্জিত ওই ব্যক্তিরা খাবার বহনকারী কর্মীদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে ছিনিয়ে নেওয়া খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করা হয়। রাজনৈতিকভাবে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করে বাহিনীটি। তাদের ভাষ্য, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে প্রচারিত তথ্য প্রকৃত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
নিজেদের সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়া Bartamandesh.com নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ভিডিওটি ১৯ লাখের বেশি বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে ১ লাখ ২৩ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে ১১ হাজারের বেশি বার। ইউটিউবসহ ৩৯টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি প্রচার করা হয়েছে।
বিজিবির খাবার ও পানি সরবরাহ নিয়েও অপপ্রচারের অভিযোগ
এর আগে ১৯ নভেম্বর গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৩২ সেকেন্ডের ওই ভিডিওতে একটি ভ্যানগাড়িতে করে পানির বোতল বিজিবি সদস্যদের অবস্থানস্থলে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার ও পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে।
তবে ২০ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ দাবি নাকচ করে। বাহিনীটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য সরবরাহকারীর মাধ্যমে প্রয়োজনীয় রসদ ও খাবার নগদ অর্থের বিনিময়ে কেনা হয়। একইভাবে স্থানীয় দোকানদারের কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি কেনা হয়। দোকানদার ভ্যানে করে সেই পানি সদস্যদের কাছে পৌঁছে দেন। এটি বিজিবির নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম। এর সঙ্গে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির সম্পৃক্ততা নেই।
একই দাবিতে প্রচারিত ভিডিওটি ২৭টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়। এর মধ্যে একটি প্রোফাইল থেকে প্রকাশিত ভিডিওটি ১২ লাখ বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে ৬৩ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে ৬ হাজারের বেশি বার।























