
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে দায়ের করা এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মো. ফারুক হোসেনকে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ারা সদরের শাখাওয়াত হোসেন ওরফে হামিম (২২), মো. তারেক (১৯), ফারহান মাহমুদ (১৯), বাঁশখালীর সাধনপুরের আবদুল মাহিদ (১৯), কর্ণফুলীর চরপাথরঘাটার সাইদুল ইসলাম ওরফে সাইমন (২০), আনোয়ারার চাতরীর মো. আবু তৈয়ব (৪৪) ও হাইলধরের মো. হাবিবুর রহমান (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটের দিকে চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাতরী বাজার সংলগ্ন বাঁশখালী-চট্টগ্রাম সড়কের পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একদল লোক সরকারবিরোধী স্লোগান দিয়ে নাশকতা ও ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পুলিশ বক্সের ভেতরে আগুন ধরিয়ে দেন। তাদের হাতে লাঠিসোঁটা, ইটপাটকেল, রড, দা ও কিরিচ ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে তারা বিভিন্ন দিকে পালিয়ে যান। আগুনে পুলিশ বক্সের ভেতরে থাকা একটি চেয়ার পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় কাচ ও আসবাবপত্র।
এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির কাছের সড়কে ২০ থেকে ৩০ জনের একটি দল ঝটিকা মিছিল করে।
এজাহার অনুযায়ী, হেলমেট ও মুখোশ পরা মিছিলকারীদের কয়েকজনের হাতে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র ছিল। তারা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে এবং গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে সাতজনকে আটক করা হয়। তাদের ফেলে যাওয়া ১৫টি বাঁশের লাঠি, ৩০টি ইটের টুকরা ও একটি দেশীয় তৈরি লোহার দা জব্দ করে পুলিশ।
মামলার এজাহারে নাম থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব শাহ্, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাজান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আসিফুল ইসলাম বাপ্পি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য শাহাজাদা শাহ্ ও রবিউল হায়দার, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মন্নান এবং বারখাইন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাফেজ আহাম্মদ।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, পলাতক এবং দেশে-বিদেশে অবস্থানরত অভিযুক্তদের মদত ও অর্থায়নে তারা জড়ো হয়েছিলেন। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার চেষ্টার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।























