
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে রাজধানীর কুর্মিটেলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এদিন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ঐতিহাসিক সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।























