• আজ

এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ছবি ও মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘চিরভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে যারা পালিয়ে আছেন, সেখান থেকে এআই প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অসত্য প্রচারণা চালানো হচ্ছে। অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির চেষ্টা হয়েছিল, এখনো সেই একই কায়দায় ষড়যন্ত্র চলছে।’

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে।’

এ সময় কারাবাসের সময়ের এক সহকর্মীকে গুম করার অভিযোগও করেন রিজভী। তিনি বলেন, তার সাথে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে। গোপালগঞ্জেও কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এসব ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, ‘গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি।’

বর্তমান সরকারের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, ‘এত কিছুর পরও বর্তমান সরকার অত্যন্ত শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। বিগত শাসনামলের হলে এসব ঘটনায় ক্রসফায়ার বা রক্তপাত ঘটানো হতো, কিন্তু বর্তমান সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান এবং উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।