
বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই সনদের ভিত্তিতেই তা হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না।’
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণহত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই একই সঙ্গে অব্যাহত থাকবে। এসব বিষয়ে কোনো আপস করা হবে না।
সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, একদিকে ভারতবিরোধী অবস্থানের কথা বলা হচ্ছে, অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্য ও নাগরিকদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে সুস্পষ্ট অবস্থান জানাতে হবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের বিচারে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ সময় গত আট মাসে চাঁদাবাজি, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের কেউ কেউ পুনর্বাসনের সুযোগ পেয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।























