
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ঝাল মাগসি জেলার কোটেরা নদীর কাছে ১৬ নভেম্বর মোটরসাইকেলে আসা সশস্ত্র ব্যক্তিরা তিন যুবককে পথরোধ করে অস্ত্রের মুখে অপহরণ করে। পুলিশ অপহৃত ব্যক্তিদের রিয়াজ আহমেদ, ইলতাজাই লাশারি ও তারিক লাশারি হিসেবে শনাক্ত করেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করলেও এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁদের অবস্থান জানা যায়নি। কোনো গোষ্ঠী এ অপহরণের দায় স্বীকার করেনি এবং কর্তৃপক্ষও প্রকাশ্যে অপরাধীদের পরিচয় শনাক্ত করেনি।
এ ঘটনা পাকিস্তানের নিরাপত্তা সংকটের এমন একটি দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, যা আত্মঘাতী বোমা হামলা, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলা এবং সশস্ত্র আক্রমণের তুলনায় কম গুরুত্ব পায়। সেটি হলো ভয় দেখানো, সম্পদ আদায় এবং চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে অপহরণের ব্যবহার।
বেলুচিস্তানজুড়ে অপহরণের একটি বিস্তৃত প্রবণতা দেখা যাচ্ছে। কয়েক দশক ধরে চলা বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের কারণে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী নিরাপত্তাহীনতা বিরাজ করছে। প্রধান মহাসড়ক ও প্রত্যন্ত জেলাগুলোতে সংঘটিত অপহরণের ঘটনায় সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য, শ্রমিক ও সাধারণ মানুষ—সবাই লক্ষ্যবস্তু হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের সীমান্ত রয়েছে আফগানিস্তান ও ইরানের সঙ্গে। খনিজসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এ প্রদেশ। এর কৌশলগত অবস্থান, খনিশিল্প এবং গুরুত্বপূর্ণ পরিবহন করিডরগুলো অর্থনৈতিকভাবে অঞ্চলটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। একই সঙ্গে এটি দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের কেন্দ্র। এ বিদ্রোহে জড়িত সশস্ত্র সংগঠনগুলো প্রদেশটির সম্পদের ওপর নিয়ন্ত্রণ এবং অধিক রাজনৈতিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।
ইসলামাবাদভিত্তিক নিরাপত্তা গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে পাকিস্তানজুড়ে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় ৮৮ জনকে অপহরণ করা হয়। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৭২। অর্থাৎ এক মাসে অপহরণের ঘটনা বেড়েছে ২২ শতাংশ। আগের এক বছরে কোনো মাসে এত বেশি অপহরণের ঘটনা রেকর্ড করা হয়নি। এসব অপহরণের মধ্যে ৭০টি ঘটেছে বেলুচিস্তানে, যা জাতীয় মোট সংখ্যার প্রায় ৮০ শতাংশ।
প্রচলিত সশস্ত্র সহিংসতা কমলেও অপহরণের ঘটনা বেড়েছে। একই পিআইসিএসএসের মূল্যায়ন অনুযায়ী, সেপ্টেম্বরে পাকিস্তানে ২২৬টি সশস্ত্র হামলার ঘটনা ঘটলেও অক্টোবরে তা কমে দাঁড়ায় ১৪৩টিতে। অর্থাৎ হামলার সংখ্যা কমেছে ৩৭ শতাংশ। এসব হামলায় নিহতের সংখ্যা ৫৭ শতাংশ কমে ২৬০ থেকে ১১১ জনে নেমে এসেছে। আহতের সংখ্যাও ৭১ শতাংশ কমেছে। এ দুই প্রবণতার পার্থক্য থেকে বোঝা যায়, নিরাপত্তাহীনতার পৃথক একটি দিক হিসেবে অপহরণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কেবল হামলা ও হতাহতের সংখ্যা নিয়ে করা মূল্যায়নে সশস্ত্র অপহরণের ঘটনাগুলো সহজেই উপেক্ষিত থেকে যেতে পারে।
১৬ অক্টোবর রক্ষন বিভাগের কমিশনার আসাদ উল্লাহ কাকারের গাড়ি নোশকি-খারান মহাসড়কে পথরোধ করে সশস্ত্র ব্যক্তিরা। তিনি কোয়েটা থেকে খারানে যাচ্ছিলেন। হামলাকারীরা এ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও তাঁর গাড়িচালককে অপহরণ করে। তবে পরে গাড়িচালককে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক সংবাদ প্রতিবেদনগুলোতে কোনো গোষ্ঠী এ ঘটনার দায় প্রকাশ্যে স্বীকার করেনি।
একই ধরনের আরেকটি ঘটনায় ২০ সেপ্টেম্বর খারানের ডেপুটি কমিশনার মুনির আহমেদ সুমরোকে তাঁর সঙ্গীদেরসহ অপহরণ করা হয়। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্থানীয় উপজাতীয় নেতাদের সঙ্গে অপহরণকারীদের আলোচনার পর প্রায় দুই সপ্তাহ বন্দি থাকার পর ৩ অক্টোবর তাঁকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনা অপহৃত ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে অনানুষ্ঠানিক উপজাতীয় মধ্যস্থতার ভূমিকা তুলে ধরেছে। বিশেষ করে যেসব এলাকায় প্রচলিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের ঘটনার সমাধানে হিমশিম খাচ্ছে, সেখানে এ ধরনের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অপহরণের লক্ষ্যবস্তু হয়েছেন। ১৬ অক্টোবর সশস্ত্র ব্যক্তিরা ২০ জন লেভিস ফোর্স সদস্যকে বহনকারী একটি যাত্রীবাহী ভ্যানের পথরোধ করে। লেভিস ফোর্স একটি আধাসামরিক বাহিনী। ওই সদস্যরা বেলুচিস্তানের কালাত জেলায় পুলিশি প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং সপ্তাহান্তে বাড়ি যাওয়ার পথে অপহৃত হন। হামলাকারীরা গাড়িচালক ও অন্য তিন যাত্রীকে ছেড়ে দিলেও প্রশিক্ষণরত সদস্যদের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ২০ অক্টোবর তাঁদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।
এর দুই দিন পর খুজদার জেলার নালে একটি খননকেন্দ্র থেকে ১৮ জন শ্রমিক ও একটি মার্বেল কারখানার মালিকের ছেলেকে অপহরণ করে সশস্ত্র ব্যক্তিরা। পালানোর চেষ্টা করার সময় এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হন। হামলাকারীরা ওই স্থাপনা থেকে যানবাহন ও সরঞ্জামও নিয়ে যায়। এ ঘটনারও দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
এ ধরনের অনেক অপরাধের দায় কারা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায় না। ফলে সংগঠিত সশস্ত্র গোষ্ঠীগুলো কতটি অপহরণ করছে এবং প্রত্যন্ত অঞ্চলের দুর্বল নিরাপত্তাব্যবস্থার সুযোগ নিয়ে অপরাধী চক্রগুলো কতটি ঘটনা ঘটাচ্ছে, তা স্পষ্ট নয়। বিভিন্ন সময়ে উভয় ধরনের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেলেও আলোচিত কয়েকটি ঘটনার দায় এখনো নিশ্চিত করা যায়নি।
সেপ্টেম্বরে কালাতের কাছে এক অভিযানে অপহৃত ২৩ জনকে উদ্ধার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সশস্ত্র ব্যক্তিরা এন-২৫ মহাসড়কের একটি অংশে অনুমোদনহীন তল্লাশিচৌকি স্থাপন করেছিল। সেখানে যানবাহন থামিয়ে যাত্রীদের অপহরণ করে মুক্তিপণ আদায়, অর্থ আদায় এবং যানবাহন ছিনিয়ে নেওয়া হতো। অভিযানে পাঁচজন সশস্ত্র সদস্য নিহত হন।
সামরিক বাহিনী এসব অপহরণের জন্য ফিতনা-আল-হিন্দুস্তানকে দায়ী করে। পাকিস্তানি কর্তৃপক্ষ বেলুচ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য এ নাম ব্যবহার করে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো। বিএলএ একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা বেলুচিস্তানের স্বাধীনতা চায়। সংগঠনটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও অবকাঠামো লক্ষ্য করে চালানো বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে। কালাতের এ অভিযান সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি, চাঁদাবাজি এবং বাণিজ্যিক যানবাহন ছিনিয়ে নেওয়ার একটি নথিভুক্ত উদাহরণ তুলে ধরেছে।
তবে বেলুচিস্তানে নিখোঁজ হওয়া বা অপহরণের প্রতিটি ঘটনার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা যায় না। অস্থিতিশীলতার সুযোগ নিয়ে অপরাধীদের মুক্তিপণের জন্য সাধারণ অপহরণের ঘটনাও রয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিনের আরেকটি সমস্যা হলো গুম। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো তাঁদের স্বজনদের আটকের পর তাঁদের অবস্থান জানাচ্ছে না। তবে কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। এসব ঘটনা সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি করার ঘটনা থেকে পৃথক এবং দুটিকে এক করে দেখা উচিত নয়।
মানবিক প্রভাবের বাইরেও অপহরণের অর্থনৈতিক পরিণতি গুরুতর হতে পারে। খনিশিল্প, নির্মাণ ও পরিবহন কার্যক্রম নির্ভর করে শ্রমিকদের এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত এবং প্রত্যন্ত কর্মস্থলে পৌঁছানোর সক্ষমতার ওপর। খুজদারে ১৮ জন খনি শ্রমিককে অপহরণ এবং একই সঙ্গে যানবাহন ও সরঞ্জাম নিয়ে যাওয়ার ঘটনা দেখিয়েছে, এ ধরনের ঘটনা কীভাবে সরাসরি বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করতে পারে। পাকিস্তান সরকার বেলুচিস্তানের বিপুল প্রাকৃতিক সম্পদের প্রতি আন্তর্জাতিক আগ্রহ আকৃষ্ট করার চেষ্টা করলেও অপহরণের এসব ঘটনা ভবিষ্যৎ বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে।
বেলুচিস্তানে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি কেবল স্থাপনায় হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়। যাতায়াতের সময় প্রতিষ্ঠানের কর্মী, ঠিকাদার, সরবরাহকারী ও স্থানীয় অংশীদাররাও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। এ কারণে প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনা এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হতে পারে।
উদাহরণস্বরূপ, এন-২৫ মহাসড়ক করাচির সঙ্গে কোয়েটাকে যুক্ত করেছে এবং আফগান সীমান্তের দিকে যাওয়া সড়কপথের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডর। পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এ মহাসড়কেই সশস্ত্র গোষ্ঠীগুলো যানবাহন থামিয়ে যাত্রীদের লক্ষ্যবস্তু করতে অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করেছিল। এ ধরনের ঘটনা সরবরাহব্যবস্থা ব্যাহত করতে পারে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মধ্য দিয়ে পণ্য পরিবহনের ব্যয় বাড়িয়ে দিতে পারে।
প্রচলিত সশস্ত্র হামলার সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে বেলুচিস্তানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। অপহরণের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রগুলো জনগোষ্ঠীকে ভয় দেখানো, বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি এবং অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত করার আরেকটি উপায় পাচ্ছে। অপহরণের ক্রমবর্ধমান প্রবণতা পাকিস্তানের নিরাপত্তাহীনতা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে।























