
পদ্মার ভাঙন থেকে জনপদ রক্ষায় ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা বাঁধের স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র তিন বছরের মাথায় বাঁধের শেষ প্রান্তে ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ফেলা ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিওব্যাগের বড় অংশও এক মাসের মধ্যে নদীর গভীরে তলিয়ে গেছে। এতে চরম ঝুঁকিতে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী সুরেশ্বর বাজার, মাছঘাট ও লঞ্চঘাট।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া না হলে পদ্মার ভাঙনে হারিয়ে যেতে পারে সুরেশ্বরের দীর্ঘদিনের বাণিজ্যিক ঐতিহ্য। একই সঙ্গে জীবিকা হারানোর শঙ্কায় রয়েছেন কয়েক শ জেলে, মাছ ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ এবং গুরুত্বপূর্ণ নৌযোগাযোগব্যবস্থাও হুমকির মুখে পড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাজিরা ও নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মার ভয়াবহ ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়। ভাঙন থেকে জনপদ রক্ষায় জাজিরার বিলাসপুরের শফিকাজীর মোড় থেকে নড়িয়ার সুরেশ্বর মাছঘাট পর্যন্ত ১০ দশমিক ২ কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২০১৯ সালে শুরু হওয়া প্রকল্পের কাজ শেষ হয় ২০২৩ সালে, যাতে ব্যয় হয় ১ হাজার ৪০৩ কোটি টাকা।
কিন্তু কাজ শেষ হওয়ার তিন বছরের মাথায় গত ১ অক্টোবর বাঁধের শেষ প্রান্তে ভাঙন দেখা দেয়। এতে প্রায় ১৩৫ মিটার অংশ ধসে নদীতে বিলীন হয়ে যায় এবং মাছবাজারের অন্তত ২০টি দোকান নদীগর্ভে চলে যায়। নতুন করে ভাঙনের আশঙ্কায় ব্যবসায়ীরা দোকানপাট প্রায় ২০০ মিটার দক্ষিণে সরিয়ে নেন।
সুরেশ্বর মাছবাজারের ব্যবসায়ী মোকলেস মোল্লা বলেন, ‘আমাদের মাছবাজারটি প্রায় ৭০ বছর আগে পদ্মার তীরে গড়ে উঠেছে। বছর দশেক আগে এখানে ব্যাপক ভাঙন হয়েছিল। তিন বছর আগে বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ায় আমরা স্বস্তি পেয়েছিলাম। ভেবেছিলাম, আর ভাঙনের শিকার হতে হবে না। কিন্তু তিন বছরের মাথায় আবারও ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দোকানপাট সরিয়ে নিয়েছি।’
বাঁধের ভাঙন ঠেকাতে গত ২ অক্টোবর জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ১৬ অক্টোবর পর্যন্ত ১৫ দিনে ভাঙনকবলিত ১৩৫ মিটার এলাকায় ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়, যাতে ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা।
তবে জরুরি প্রতিরক্ষার এই উদ্যোগের এক মাস না পেরোতেই গত শুক্র ও শনিবার আবারও ওই এলাকায় ভাঙন দেখা দেয়। বৃষ্টিপাত ও নদীর তীব্র স্রোতে তীরের মাটি ধসে জিওব্যাগের বড় অংশ নদীর গভীরে চলে যায়। ফলে কোটি টাকার বাঁধের পর জরুরি প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সুরেশ্বর মাছঘাট এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলামের দোকানটিও এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, ‘এক মাস আগে হঠাৎ বাঁধে ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে অনেক বালুর বস্তা ফেলে। আমরা ভেবেছিলাম, এবার হয়তো রক্ষা পাব। কিন্তু গত শুক্র ও শনিবারের বৃষ্টিতে নদীর তীর ধসে সেই বালুর বস্তাগুলো তলিয়ে গেছে। এখন পুরো এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। আমরা খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।’
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিংশ শতাব্দীর শুরুর দিকে সুরেশ্বর ঘাটের বাণিজ্যিক গুরুত্ব বাড়তে শুরু করে এবং প্রায় ১২০ বছর ধরে ঘাটটি বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদীর অববাহিকায় অবস্থিত শরীয়তপুরের মানুষের যোগাযোগব্যবস্থায় একসময় নৌপথ ছিল প্রধান ভরসা; ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও চাঁদপুরসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের অন্যতম কেন্দ্র ছিল সুরেশ্বর ঘাট।
পরবর্তী সময়ে ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠে সুরেশ্বর বাজার ও মাছবাজার। প্রায় ৭০ বছর আগে জেলেরা পদ্মার তীরে মাছ কেনাবেচা শুরু করেন এবং ধীরে ধীরে সেটি বড় মাছবাজারে পরিণত হয়। বর্তমানে এখানে প্রায় ৪০টি মাছের আড়ত, পাঁচটি বরফের দোকানসহ মাছ ব্যবসায়ী ও জেলেদের প্রয়োজনীয় সামগ্রীর বিভিন্ন দোকান রয়েছে। প্রতিদিন ভোরে নৌকা নিয়ে জেলেরা ঘাটে আসেন এবং সকাল থেকে দুপুর পর্যন্ত মাছ কেনাবেচায় মুখর থাকে পুরো এলাকা; এ বাজার ঘিরে জীবিকা নির্বাহ করেন কয়েক শ জেলে, ব্যবসায়ী, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী। পাশাপাশি সুরেশ্বর লঞ্চঘাট দিয়ে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন যাত্রীরা।
সুরেশ্বর বাজারের ৭৫ বছর বয়সী ব্যবসায়ী বোরহানউদ্দিন বাবুর্চি প্রায় ৬০ বছর ধরে সেখানে ধান-চালের ব্যবসা করছেন। পদ্মার ভাঙাগড়ার দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘গত ৫০ বছরে বিভিন্ন সময়ে সুরেশ্বর বাজার চার দফা ভাঙনের কবলে পড়েছে। আগে কখনো এখানে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। বিগত সরকার বাঁধ নির্মাণ করেছিল। সেই বাঁধেই এখন ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের গতি দেখে আমরা আতঙ্কিত। জীবনের শেষ বয়সে এসে আবারও পদ্মার ভাঙাগড়ার মধ্যে পড়তে হয় কি না, সেই দুশ্চিন্তায় আছি।’
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের দাবি, চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই সুরেশ্বর এলাকায় পদ্মার বিভিন্ন অংশে নদীর গভীরতা বাড়তে থাকে। গত অক্টোবরে চার দফা সমীক্ষায় বাঁধের কাছাকাছি নদীর তীরবর্তী অংশে ২০ থেকে ৩০ মিটার গভীরতা পাওয়া যায়, অথচ ওই এলাকায় স্বাভাবিক গভীরতা থাকার কথা ৩ থেকে ৭ মিটার। প্রকৌশলীদের মতে, নদীর তলদেশে অস্বাভাবিক গভীরতা তৈরি হওয়ায় তীরের মাটি ধসে পড়ছে।
এ পরিস্থিতিতে ভাঙনকবলিত ১৬০ মিটার এলাকায় স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের জন্য নতুন নকশা তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয় এবং নকশাটি ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। তবে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ বা সংস্কারের জন্য এখনো প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়নি; মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পাওয়ার পর কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ বলেন, ‘নড়িয়ার তীররক্ষা বাঁধের একটি অংশে ভাঙন দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে সেখানে বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়েছিল। গত দুই-তিন দিনের বৃষ্টিতে ওই জিওব্যাগের কিছু অংশ নদীর তলদেশে তলিয়ে গেছে। তবে সেগুলো ভেসে যায়নি; নদীর তলদেশে যে গভীরতা সৃষ্টি হয়েছে, সেখানে গিয়ে জমা হয়েছে।’ তিনি আরও জানান, ওই স্থানটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে; ইতিমধ্যে নকশা অনুমোদন হয়েছে, এখন ব্যয় নির্ধারণ করে বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে এবং বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।























