• আজ

জাতিকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

জাতিকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

নির্বাচনের পর দিন থেকেই সরকার জাতিকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়ায় দেশে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সাথে প্রতিবেশী ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি দেওয়া হলেও এ বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান অবস্থান দেখা যাচ্ছে না।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিশেষ সংবিধান সংশোধন কমিটি একটি অসাংবিধানিক কমিটি। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়ে জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে না।’ গণভোটের রায় উপেক্ষা করা হলে পুরোনো ফ্যাসিস্টরা আবারও ফিরে আসার পথ খুঁজে পাবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি কথা দিয়েছিল, তারা আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। কিন্তু অতীতের মতো দলীয়করণের পথে হাঁটছে। একটি জাতি যদি দলীয়করণকৃত শিক্ষাব্যবস্থা পায়, তবে সেই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত।’

তিনি আরও বলেন, ‘একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও হত্যাকাণ্ড চলছে। মেয়েশিশুদের ওপর নির্যাতনও বেড়েছে। এসব ঘটনায় সরকারদলীয় নেতাকর্মীরা দায়ী বলে মন্তব্য করেন তিনি। সংসদ ও আদালতের মধ্যে লুকোচুরি খেলা হোক, তা তার দল চায় না বলেও জানান।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দেওয়ার কথা জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংলাপে জামায়াত দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে বসবে।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির প্রশ্ন তোলেন, সেখানে সরকারদলীয় তিনজন সংসদ সদস্য থাকা সত্ত্বেও তারা নির্যাতিত মানুষের খোঁজ নিয়েছেন কি না।

প্রতিবেশী দেশের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।’

সার্বভৌমত্ব রক্ষায় দেশের সশস্ত্র বাহিনী ও জনগণকে এক কাতারে আসার আহ্বান জানান তিনি। একই সাথে আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে অতীতকে পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির।