
লক্ষ্মীপুরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে মোবাইলফোনে কল দিয়ে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আফরান খাঁন মাহিমের বিরুদ্ধে। অন্যদিকে, একই দিনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা আবু জাফরও ফেসবুক লাইভে এসে তিনদিনের আল্টিমেটাম দিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ওসিকে হুমকি দেওয়ার ঘটনাটি ঘটে। রাতেই রামগঞ্জ থানায় দুটি ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।
হুমকিদাতা দুজন হলেন— আফরান খান মাহিন রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও পৌরসভার কলচমা এলাকার বাসিন্দা। অপরদিকে আবু জাফর উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও করপাড়া গ্রামের বাসিন্দা।
রামগঞ্জ থানার ওসিকে ফেসবুক লাইভে হুমকি দেওয়ার ভিডিও এবং মুঠোফোনে হুমকি দেওয়ার অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
অডিওতে ওসিকে উদ্দেশ করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আফরান খানকে বলতে শোনা যায়, ‘বিএনপির কথা শুনে আমাদের আওয়ামী লীগের আর একজন নেতা–কর্মীকেও যদি আটক বা হয়রানি করা হট। তবে আপনাদের (পুলিশ) পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে। আমাদের নেতা-কর্মীদের নামে কি কোনো মামলা আছে?’
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আবু জাফরও ফেসবুক লাইভে অভিযোগ তোলেন, দলীয় নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আর একজন নেতা-কর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। এখনো সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে, কোথাও যেতে পারবেন না।’
আবু জাফর আরও বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।’
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, হুমকিদাতা দুই ব্যক্তি দেশের বাইরে রয়েছেন। নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতা সৌদি আরবে এবং অন্যজন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। থানায়ও সাধারণ ডায়েরি করা হয়েছে।























