=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে গেল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো

| নিউজ রুম এডিটর ১০:৪৯ পূর্বাহ্ণ | ০৫/১২/২০২৩ জাতীয়, বাংলাদেশ, শিক্ষাঙ্গন

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) নতুন লোগো উন্মোচন করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার আনুষ্ঠানিকভাবে শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে নতুন এই লোগো উন্মোচন করেন।

নতুন লোগো উন্মোচনের পর ভিসি বলেন, বাউবিকে বদলে দেয়ার প্রত্যয় নিয়ে উন্মোচিত হলো নতুন লোগো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার পরিকল্পনা করেছিলেন তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাউবি জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী এবং অর্ন্তভূক্তিমূলক ডিজিটাল সমাজ গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজকের লোগো উন্মোচন সেসব কর্মসূচির একটি অংশ।

বাউবির নতুন লোগোতে নানা অঙ্গীকার ও নানা উপলব্ধি সঞ্জীবিত হয়েছে। নতুন লোগোতে প্রযুক্তি নির্ভর উন্মুক্ত ও দূরশিক্ষণ, চতুর্থ শিল্পযুগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীকী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বাংলা নাম বাউবি আর ইংরেজি নাম BOU-এর বর্ণ তিনটি স্থান অনুপাতে অর্ধমূর্ত ও মূর্তভাবে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি Bangladesh Open University সরাসরি অর্ধবৃত্তাকারে উপস্থাপন ও রঙের বিন্যাস দেখানো হয়েছে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মুহা. শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পরে, নতুন লোগো সম্বলিত বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য।

এর আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় লোগো পরিবর্তনের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে বাউবির লোগো আহ্বান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চূড়ান্তভাবে নির্বাচিত লোগোর প্রস্তাবকারিকে পাঁচ লাখ টাকা সম্মানী দেয়ারও ঘোষণা দেন।