• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ-শিক্ষার্থী ফের সংঘর্ষ

| নিউজ রুম এডিটর ৬:৩৩ অপরাহ্ণ | ১৭/০৭/২০২৪ জাতীয়, লিড নিউজ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর এলাকায় ফের পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এতে অন্তত দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ও অন্তত পাঁচ সাংবাদিক আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪ টার পর এই সংঘর্ষ শুরু হয়েছে। আহত সাংবাদিকদের মধ্যে আছেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক জনি রায়হান ও আকরাম হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন ও নিউজ প্রভাতের নিজস্ব প্রতিবেদক হুমায়ুন আহমেদ। এছাড়া, একই এলাকায় কোটা আন্দোলনকারীদের মারধরে আহত হয়েছেন বলে জানিয়েছেন সময় টিভির চিত্রগ্রাহক রতন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় আহত হয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন অন্তত পাঁচ সাংবাদিক। একইসঙ্গে গুলিবিদ্ধ হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ওই দুই শিক্ষার্থী হলেন আফসানা জুঁই ও আব্দুল হান্নান মাসুদ।

এদিকে, ক্যাম্পাস থেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নিয়েছেন। আর বিপুলসংখ্যক পুলিশ উপাচার্যের বাসভবনের কাছে অবস্থান নিয়েছে। সেখান থেকে পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করছেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুরে টিএসসিতে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হয়ে ভিসি চত্বরে দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এর পর মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যেতে শুরু করলে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই তারা আবার সূর্য সেন হলের সামনে এসে জড়ো হন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করেন। সেখানে পুলিশ হামলা চালায়।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‌‌‘ভিসির বাসভবন ও আশপাশের নিরাপত্তার স্বার্থে ভিসির অনুমতিক্রমে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে।’