
ডাকসুর সাবেক ভিপি ও জিওপির সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদের। আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার (২৯ আগস্ট) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল-রাজি কমপ্লেক্সের সামনে নুরুল হক নুর সংবাদ সম্মেলন করার সময় বর্বরোচিতভাবে হামলা করা হয়।
সেই সঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুরও করা হয়। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হন। তাদের অনেকের অবস্থা গুরুতর।
এতে আরো বলা হয়, সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দিলেও হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় গণ অধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। জুলাই অভ্যুত্থানের পরও তার মতো নেতার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণ অধিকার পরিষদের ওপর নয়, বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা। গণ অধিকার পরিষদ মনে করে এই হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।
এতে আরো জানানো হয়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ অধিকার পরিষদের সব নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণকে সর্বদলীয় সংহতি সমাবেশে অংশগ্রহণ করে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হচ্ছে।






















