• আজ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ভাঙ্গার দুটি ইউনিয়নকে অন্য আসনে যুক্ত করার প্রতিবাদে দিনভর চলছে সড়ক ও রেল পথ অবরোধ

| নিউজ রুম এডিটর ৬:৫৬ অপরাহ্ণ | ১৪/০৯/২০২৫ সারাদেশ

 

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর সংসদীয় -৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন কে ফরিদপুর-২ (নগরকান্দা) আসনে যুক্ত করার প্রতিবাদে ফরিদপুর-ঢাকা-গোপালগঞ্জ-খুলনা, ঢাকা-ভাঙ্গা-বরিশাল রুটে সড়ক অবরোধ করে রেখেছেন ভাঙ্গা উপজেলাবাসী।

আজ সকালে রাজবাড়ী-ফরিদপুর-ঢাকা রেলপথের ভাঙ্গার হামিরদি রেল ক্রসিং অবরোধ করে নকশীকাঁথা ট্রেন চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এসময় যাত্রীদেরও নামিয়ে দেয়া হয়।

এ ছাড়া উপজেলার মুনসুরাবাদ এলাকায় রাস্তায় শুয়ে পড়েন এলাকাবাসী। একই সঙ্গে ভাঙ্গা উপজেলার প্রায় সাতটি পয়েন্টে সকাল থেকে মহাসড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় জনতা। যে কোন বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক সংখ্যক পুলিশ, র‌্যাব এপিবিএন, সেনাবাহিনী মাঠে রয়েছে।

স্থানীয়রা জানান, আমাদের দাবী মানা না পর্যন্ত আন্দোলন চলবে। বিরতী দিয়ে পুনরায় লাগাতার এই সড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চলের চালক ও সাধারণ যাত্রীরা।