
নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে এক গার্মেন্টস কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গার্মেন্টস কর্মীর নাম মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (২৩)। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের মোঃ টিটু চৌধুরী এর পুত্র। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী তাইজুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন উপজেলার যাদবপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র মোঃ এরশাদ হোসেন সহ অজ্ঞাত নামা আরো কয়েকজন।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্র জানা যায় , ভুক্তভোগী তাইজুল ইসলাম নিজে, অভিযুক্ত এরশাদ হোসেন এবং তার স্ত্রী শাহনাজ বেগম উপজেলার শিংশ্রী গার্মেন্টস ফ্যাক্টরিতে একই সাথে চাকরি করতেন। পারিবারিক কলহের জের ধরে অভিযুক্তির স্ত্রী শাহনাজ বেগম অভিযুক্ত এরশাদ হোসেনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিয়ে শাহনাজের স্বামী এরশাদ, বাদী তাইজুল ইসলামকে দোষারোপ করে। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্মস্থল থেকে অটো গাড়ি যোগে বাড়ি ফেরার পথে মদন বাজার পৌছলে দুইটি মোটরসাইকেল নিয়ে তিন-চারজন লোক এসে রাস্তা আটকিয়ে অটোথেকে জোর করে টানা হেঁচড়া করে তাইজুলকে নামিয়ে বিবাদীর মোটরসাইকেলে তুলে যাদবপুর গ্রামে বিবাদীর নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে মারধর করে এবং একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরবর্তীতে তার স্বজনদের খবর দিলে ভুক্তভোগী তাইজুলের মা লোকজন নিয়ে গিয়ে তাইজুলকে এরশাদের বাড়ি থেকে উদ্ধার করেন। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী তাইজুল নিজেই বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করে।
ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান এ বিষয়ে তিনি একটি অভিযোগ পেয়েছেন এবং অভিযোগটী তদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন।






















