• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

একুশে বইমেলায় আসছে

সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’

| Peoples News ৭:৫৩ অপরাহ্ণ | ১৯/০২/২০২৬ সাহিত্য

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে মফস্বল সাংবাদিক মোস্তফা খান-এর প্রথম উপন্যাস ‘একটি কলমের দাম’। বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সত্য প্রকাশের সংগ্রামকে কেন্দ্র করে লেখা এই বই ইতিমধ্যেই পাঠক ও সাংবাদিক মহলে আগ্রহের সৃষ্টি করেছে।

সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতার ভেতর থেকে উঠে এসেছে উপন্যাসটির কাহিনি। একজন মফস্বল সাংবাদিকের কঠিন বাস্তবতা- খণ্ডকালীন বেতন, সীমিত সুযোগ, রাজনৈতিক চাপ ও পেশাগত অনিশ্চয়তার মধ্যেও সত্য বলার অদম্য চেষ্টা- সবকিছুই ফুটে উঠেছে লেখকের কলমে।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তৌহিদুল, – এক তরুণ সাংবাদিক। সত্য প্রকাশের পথে সে প্রতিনিয়ত মুখোমুখি হয় নানা বাধা, হুমকি ও হামলার। কখনও রাজনৈতিক প্রভাব, কখনও সম্পাদকীয় সীমাবদ্ধতা বা আর্থিক টানাপোড়েন- তবু থেমে থাকে না তার কলম।

‘একটি কলমের দাম’ উপন্যাসের প্রতিটি অধ্যায়ে প্রকাশ পেয়েছে মফস্বল সাংবাদিকতার ত্যাগ, আদর্শের সংগ্রাম এবং বিবেকের দায়বোধ। বিশেষ করে ‘সংবাদের সৈনিক’ অধ্যায়ে লেখক দেখিয়েছেন কীভাবে একজন সাংবাদিক মাঠে প্রতিদিন লড়াই করেও সম্মান বা প্রাপ্য পায় না, তবু ন্যায়ের পথে অবিচল থাকে। আর শেষ অধ্যায় ‘শেষ কপি’-তে তৌহিদুলের কলম হয়ে ওঠে সমাজের বিবেক- যা নিভে যায় না কোনো অন্যায়ের আঁধারে।

লেখক মোস্তফা খান বলেন, “এই উপন্যাস বাস্তব জীবন থেকে নেওয়া। মফস্বলের সাংবাদিকরা প্রতিদিন মাঠে কাজ করেন, কিন্তু তাদের গল্প কেউ লেখে না। আমি তাদের কথা লিখেছি- যারা ভয় পেলেও চুপ থাকেন না।”

তিনি আরও বলেন, “‘একটি কলমের দাম’ উৎসর্গ করেছি সারাদেশের সেই সব মফস্বল সাংবাদিকদের প্রতি- যারা নিরাপত্তা নয়, দায়িত্বকে বেছে নেন। ভয় পেয়েও কলম নামান না। এই বই তাদের সততা ও নীরব সাহসের প্রতি শ্রদ্ধার প্রতীক।”

বইটি প্রকাশ করছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী।
অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে স্টল নং ২৩০-এ।
এছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম, বাতিঘর, ইচ্ছে স্বপ্ন ডটকম থেকে প্রি-অর্ডারের সুযোগ থাকছে।

‘একটি কলমের দাম’ শুধু একজন সাংবাদিকের গল্প নয়- এটি সত্য, দায়িত্ব ও বিবেকের গল্প; এক মানুষের অদম্য লড়াইয়ের প্রতিচ্ছবি, যে কলম থামায় না অন্যায়ের মুখে।

পি নিউজ/ মোস্তফা খান