=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিল শিশুরা

| Peoples News ৭:৩২ অপরাহ্ণ | ১৩/০৩/২০২৬ সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ঈদকে ঘিরে কুড়িগ্রামে তিন শতাধিক প্রতিবন্ধী, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে নিজেদের পছন্দমত পোষাক পেয়ে খুশি। বেসরকারি প্রতিষ্ঠান বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং গার্ডিয়ান ইন্সুরেন্স কোম্পানীর সহযোগিতায় শুক্রবার কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামে অর্ধদিনব্যাপী এই কার্যক্রমে বসেছিল মিনি ঈদের মার্কেট।

সেই মার্কেটে প্রবেশাধিকার ছিল না অভিভাবকদের। এখানে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিয়ে শিশুরা নিজেদের ইচ্ছেমত পোষাক পছন্দ করার স্বাধীনতা পেয়েছে। তারা একাধিক রঙ ও সাইজের পোষাক দেখে কাঙ্খিত কাপড়টি গায়ে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

ওই এলাকার হেমেরকুটি গ্রামের দিনমজুর বদিয়তের মেয়ে ফরিদা হাসিমুখ নিয়ে বলে, আমি তিন/চারটা কাপড় যাচাই-বাছাই করে নিজের পছন্দমত জামা ও পায়জামা নিয়েছি। আমি ঈদের দিন পোষাকটা পরব।

অভিভাবক ছামাদ মিয়া বলেন, গরীব মানুষের বাচ্চারা কাপড় কিনতে পারে না, তারা ফ্রি কাপড় পেয়ে খুব শান্তি পেয়েছে। অনুষ্ঠানের আয়োজক বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, জিহাদ আকন্দ জানান, আজকে বিওয়াইও এর উদ্যোগে এবং গার্ডিয়ানের সহযোগিতায় বিনামূল্যে তিনশ’ শিশু তাদের পছন্দমত রঙ এবং ডিজাইন দেখে ঈদের জামা পেয়ে খুব খুশি হয়েছে। আমরা ঊনিশটি জেলায় এ ধরণের কর্মসূচি চলমান রেখেছি।

গার্ডিয়ান ইন্সুরেন্স কোম্পানীর প্রতিনিধি দীতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, গার্ডিয়ান ঈদ বাজার নামে কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুরা যাতে সবার সাথে আনন্দভাগ করে কেনাকাটা করতে পারে, এজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা অনুষ্ঠানের উদ্বোধন করে ব‌লেন, ঈদকে সামনে রেখে শিশুরা বিভিন্ন রঙের পোষাক বিনামূল্যে পেয়ে খুশি। আমি উদ্যোগতাদের সাধুবাদ জানাই।