• আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পুলিশের পৃথক অভিযানে পর্নোগ্রাফি মামলাসহ ৮ জন আটক

| Peoples News ১:৩৬ অপরাহ্ণ | ২২/০৪/২০২৬ সারাদেশ

 

বেনাপোল প্রতিনিধি  : যশোরের শার্শা উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন মামলায় ৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ওয়ারেন্টভুক্ত মামলা, চুরি এবং অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এসব আসামিকে আটক করা হয়েছে।

বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই গোরাচাঁদ দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে টেংরা গ্রাম থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় নয়ন হাসান (১৯) ও মাসুদ রানা (১৯) নামে দুই যুবককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এদিকে, এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫টি সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ওমর ফারুক এবং জিআর মামলার আসামি আজগর আলী ও ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়।


অন্য এক অভিযানে এসআই শেখ জাহিদুল আলম চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে জামির সর্দারকে আটক করেন।
এছাড়া এসআই শেখ আল আমিনের নেতৃত্বে বেনেখড়ি গ্রামে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হুসাইন মন্ডল ও মোছা. সাবিকুন্নাহারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।