• আজ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযান:

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য আটক

| Peoples News ৭:৩১ অপরাহ্ণ | ১৫/০৫/২০২৬ জাতীয়

আবিদ হাসান, বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ মে ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ২১ বোতল নেশাজাতীয় ESCUF সিরাপ, ৯টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ১ প্যাকেট ফুসকা, ১ হাজার ৮২টি চকলেট এবং ১৬৭টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪২ হাজার ৭০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

পি নিউজ