• আজ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদের স্মৃতি সংরক্ষণ

প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

| পিপলস ডিজিটাল ডেস্ক ৭:৫৮ অপরাহ্ণ | ১৬/০৭/২০২৬ বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের স্মরণে নগরীর ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন স্মৃতিস্তম্ভটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণে রাখবে। শহীদ ওয়াসিমসহ গণঅভ্যুত্থানের সব শহীদের স্মৃতি সংরক্ষণে দেশের প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনা হবে এবং দেশে আর কোনো ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না

শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেন, বৈষম্য দূর করার লক্ষ্যেই তরুণরা আন্দোলনে নেমেছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের হত্যার বিচার দ্রুত শেষ করে কার্যকর করার দাবি জানাচ্ছেন তারা।

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।