• আজ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সাংবাদিকদের নাহিদ

আবু সাঈদের আদর্শে বৈষম্যহীন ও ইনসাফের দেশ গড়া আমাদের দায়িত্ব

| নিউজ রুম এডিটর ৯:৫৩ অপরাহ্ণ | ১৬/০৭/২০২৬ জাতীয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম। তিনি জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব। আবু সাঈদ আমাদের সংগ্রামের অগ্রদূত। তারা যে আদর্শ ও স্বপ্ন নিয়ে শহীদ হয়েছেন, সেই বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলাই আমাদের দায়িত্ব।

বৃহস্পতিবার দুপুরে রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের মাটিতে আবু সাঈদ দুহাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়েছিলেন। তিনি বুলেট বুকে নিয়ে শাহাদতবরণ করেন। তার আত্মত্যাগের মধ্য দিয়েই ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থান ও পরে জুলাই বিপ্লবের দিকে অগ্রসর হওয়ার সূচনা ঘটে।

তিনি বলেন, জুলাই বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অগ্রসেনানী ছিলেন আবু সাঈদ। আজকের এই দিনে আমরা এক হাজার ৪০০ শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের তিনটি প্রধান দাবি ছিলÑবিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন। নির্বাচন অনুষ্ঠিত হলেও বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার এখনো দেশের মানুষ পায়নি।

আবু সাঈদ হত্যা মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ মামলার রায় হয়েছে কিন্তু এখনো কার্যকর হয়নি। রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। প্রধান প্রসিকিউটরের দায়িত্ব দ্রুত আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। আমরা চাই দ্রুত আপিল নিষ্পত্তি করে রায় কার্যকর করা হোক।

তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনা। আদালতের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা আশা করি সরকার দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করবে।

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। শহীদ আবু সাঈদসহ জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু বর্তমান সরকার গণরায়ের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করেনি।

তিনি অভিযোগ করেন, সরকার শুধু জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দিচ্ছে কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সে আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে। তাহলেই বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, বৈষম্য ও সন্ত্রাস দূর করা সম্ভব হবে। আর তবেই শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

সরকারি দল ও বিরোধী দল মিলে জুলাই সনদকে অক্ষরে অক্ষরের বাস্তবায়ন করবেÑমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, সরকার যদি ইতিবাচকভাবে ও সত্যিকারার্থে সংস্কার করতে চায়, আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব।

এ সময় আরো উপস্থিত ছিলেনÑএনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।