• আজ ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম

| নিউজ রুম এডিটর ৩:৫৪ অপরাহ্ণ | ১৯/০৭/২০২৬ জাতীয়

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন মোতাবেক জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সময়ের জন্য মোহাম্মদ মাহবুবের রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান চট্টগ্রাম সিটি করপোরেশনের ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা। তিনি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতিয়া থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহবুবের রহমান।