• আজ ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারনেট অফিসে হামলা, মূলহোতা মাইকেলসহ ৯ জন গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৪:৩২ অপরাহ্ণ | ১৯/০৭/২০২৬ সারাদেশ

চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামক একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর এবং ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

 

রোববার (১৯ জুলাই) র‍্যাব-৭-এর জ্যেষ্ঠ (সিনিয়র) সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত ১৩ জুলাই ডিডিএন অফিসে হামলার ঘটনায় ১৮ জুলাই চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার অন্যতম পরিকল্পনাকারী ও সংগঠক মাইকেলসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—মাইকেল রোহেন মিয়া, মো. তুহিন, আকবর হোসেন, মো. আব্দুল মুমিন, মো. মাসাদ মিয়া, মো. দিদার মিয়া, মো. সানজাত হাসান, সৈরত হোসেন ও মো. সাইফুদ্দিন। এদের মধ্যে প্রথম আটজন হবিগঞ্জের এবং অন্যজন চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা।

 

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই ডিডিএন-এর স্বত্বাধিকারী আদিল বিন মামুনকে হোয়াটসঅ্যাপে কল করে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ডেভিড ইমন নামে এক সন্ত্রাসী। প্রতিষ্ঠানটির মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ জুলাই দুপুর সোয়া ১২টার দিকে ৩০ থেকে ৪০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে ওই অফিসে হামলা চালায়।

 

সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর ও ল্যাপটপসহ বিপুল পরিমাণ মালামাল ভাঙচুর করে। একই সঙ্গে তারা অফিসে রাখা কর্মচারীদের বেতনের ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। এই চাঞ্চল্যকর ঘটনার পর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (ম্যানেজার) বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

 

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, চাঁদা না পেয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও টাকা লুটের ঘটনাটি জানার পরপরই আমরা ছায়া তদন্ত শুরু করি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার অন্যতম হোতা মাইকেলসহ ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।