• আজ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, মোদি সরকারকে বিরোধীদের সাফ জবাব

| নিউজ রুম এডিটর ৪:৩০ অপরাহ্ণ | ২৩/০৭/২০২৬ আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত সংসদে কোনো আলোচনায় অংশ নেবে না বিরোধী জোট—এমন ঘোষণা দিয়েছে কংগ্রেস। দেশজুড়ে চলমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই এই অবস্থান নিল বিরোধীরা।

বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ কেসি ভেনুগোপাল জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত সব বিরোধী দল সংসদে কোনো আলোচনায় অংশ নেবে না। তিনি বলেন, “আমরা স্পিকার ওম বিরলাকে আমাদের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।”

ভেনুগোপালের দাবি, আম আদমি পার্টি (আপ) ও ডিএমকে ছাড়া বাকি বিরোধী দলগুলো এই সিদ্ধান্তে একমত হয়েছে।

এদিকে, সরকার জানিয়েছে তারা সংসদে  প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “সরকার প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত।”

বৃহস্পতিবার সংসদ চত্বরে বিরোধী সাংসদদের বিক্ষোভের পর বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানান বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন। তিনি অভিযোগ করেন, কংগ্রেসসহ বিরোধী দলগুলো ইচ্ছাকৃতভাবে আলোচনা এড়িয়ে যাচ্ছে।

 

নিতিন নবীন বলেন, “কংগ্রেসসহ পুরো বিরোধী শিবির আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে। তারা জানে, সংসদে আলোচনা শুরু হলে দেশের মানুষ ও যুবসমাজের সামনে তাদের দ্বৈত নীতি প্রকাশ পাবে।”

তিনি আরও বলেন, “আমরা বিরোধীদের খোলাখুলি চ্যালেঞ্জ জানাচ্ছি। আসুন, প্রশ্নফাঁস সহ ছাত্র-যুবকদের সব বিষয় নিয়ে সংসদে আলোচনা হোক। এনডিএ সরকার প্রতিটি প্রশ্নের জবাব দিতে এবং প্রতিটি ইস্যুতে সংলাপে অংশ নিতে প্রস্তুত।”

উল্লেখ্য, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ীদের শাস্তি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস