=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ককরোচ পার্টির বিক্ষোভ ইস্যুতে শিক্ষাথীদের সতর্ক করল দিল্লি বিশ্ববিদ্যালয়

| পিপলস ডিজিটাল ডেস্ক ১১:০০ পূর্বাহ্ণ | ২৪/০৭/২০২৬ আন্তর্জাতিক

প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভের যোগ না দিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বার্তায় কর্তৃপক্ষ জানায়, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাই কোনো বেআইনি সমাবেশে অংশ নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ভাষ্য, শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যন্তর মন্তরে কোনো বেআইনি সমাবেশ বা বিক্ষোভে অংশ নিলে আইনগত পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো সতর্ক করে জানায়, এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বার্তায় বলা হয়, ‘এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনার ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই সবাইকে আইন মেনে চলা এবং নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

এ ছাড়া চলমান পরিস্থিতিকে ঘিরে সামাজিক মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছে বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার বা প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকতে হবে।

মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গত ২০ জুন ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে আন্দোলনে সংহতি জানিয়ে এতে যোগ দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট।

সিজেপির পাশাপাশি বিরোধী দলগুলোরও দাবি, প্রশ্নপত্র ফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে।

সূত্র: এনডিটিভি