=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নেই: এনডিটিভি

| পিপলস ডিজিটাল ডেস্ক ৭:৪৭ অপরাহ্ণ | ২৪/০৭/২০২৬ আন্তর্জাতিক

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখেও নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার তাদের অবস্থানে অটল রয়েছে। ফলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দাবি, আন্দোলন প্রত্যাহার করতে হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আবশ্যক।

শুক্রবার (২৪ জুলাই) কেন্দ্র সরকারের শীর্ষ সূত্রের বরাত এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সিজেপির নেতৃত্বে রাজধানীর দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীরা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৫৭ বছর বয়সী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছে। তবে সরকারি সূত্রগুলো বলছে, ‘পদত্যাগই সবচেয়ে সহজ সিদ্ধান্ত’ এবং সরকার মন্ত্রীর পাশেই অবস্থান করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র জানান, ‘জনগণ আমাদের রায় দিয়েছেন এবং আমরা তা পূরণ করব। জাতীয় পরীক্ষা সংস্থার (এনটিএ) সমস্যাগুলোর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এগুলো সমাধান করা হবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অনেক চক্রকে ভেঙে দেওয়া হয়েছে, আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পদত্যাগের দাবির মুখেও ওড়িশার প্রবীণ এই নেতা ও মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি পবিত্র ‘বাহুদা যাত্রা’ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে প্রবীণ এক সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

এছাড়া তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গভীর রাতে দেওয়া ভিডিও বার্তাটি পুনরায় শেয়ার করেন, যেখানে প্রশ্নফাঁসের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছিল। গত ২২ জুলাই ধর্মেন্দ্র প্রধান বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের দু’দিনব্যাপী সম্মেলনেও ভাষণ দেন।

এদিকে আজ শুক্রবার কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির দ্বিতীয় দফার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির পক্ষে ছিলেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা।

বৈঠক শেষে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে কেন্দ্র আগামীকাল (শনিবার) দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি সরকার তাকে দ্রুত অপসারণ করবে। তবে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের ক্ষতিপূরণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে রুজু হওয়া আইনি মামলা ও এফআইআর প্রত্যাহারের দুটি দাবিতে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে।’

এর আগে আজ সকালে সিজেপির প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী তরুণ নেতা অভিজিৎ দীপকেও স্পষ্ট জানিয়ে দেন, ‘সরকার যদি সমাধান চায়, তবে তা একমাত্র ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমেই সম্ভব।’

সরকারের কাছ থেকে দাবিগুলোর বিষয়ে আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে টানা ২৬ দিনের অনশন ভঙ্গ করেন বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।

অন্যদিকে, শিক্ষার্থীদের অসন্তোষ প্রশমিত করতে কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে নতুন কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।