=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষককে জুতার মালা পরিয়ে পেটাল শিক্ষার্থীরা

| পিপলস ডিজিটাল ডেস্ক ৮:১১ অপরাহ্ণ | ২৬/০৭/২০২৬ আন্তর্জাতিক

যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে এক শিক্ষককে জুতার মালা পরিয়ে পিটিয়েছে শিক্ষার্থীরা। অভিযুক্ত ওই শিক্ষকের নাম সন্দীপ দত্ত। তিনি গোবরডাঙা হিন্দু কলেজের ভূগোল বিভাগের খণ্ডকালীন প্রভাষক

এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে বলছে, যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগে তার বিরুদ্ধে গোবরডাঙা থানায় একটি অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে।

কলেজটির এক ছাত্রী অভিযোগ করেন, ‘অভিযুক্ত শিক্ষক তাকে বারবার ফোনে উত্ত্যক্ত করতেন এবং অশালীন প্রস্তাব দিতেন। শিক্ষক তাকে বিনা মূল্যে তার বাড়িতে একা টিউশন পড়ানোর প্রস্তাব দেন এবং তার সাথে একটি ‘ভালো সম্পর্ক’ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।’

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি তার সব প্রস্তাব প্রত্যাখ্যান করে দিই। সম্প্রতি তিনি আমাকে বলেছিলেন যে আমি যদি টিউশনের জন্য তার বাড়িতে না যাই, তবে তিনি আমাকে ফেল করিয়ে দেবেন। এর পরই অভিযোগ জানাতে গোবরডাঙা থানায় যাই।’

বিষয়টি কলেজের শিক্ষার্থীদেরকে অবহিত করলে তারা অভিযুক্ত শিক্ষককে ক্যাম্পাসে জুতার মালা পরিয়ে ঘোরায়।

একই সাথে ঝাড়ু পেটা করে এবং তার দিকে ডিম ছোড়ে।

ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে আরেকজন শিক্ষার্থী বলেন, এই শিক্ষক নারী শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলতেন, তারা যেখানে ইচ্ছা গিয়ে অভিযোগ দিতে। এতে তার কোনো ক্ষতি করতে পারবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, ক্যাম্পাসের ভেতর দিয়ে নেওয়ার সময় অভিযুক্ত শিক্ষককে শিক্ষার্থীরা ঘিরে রেখেছে। এ সময় তার দিকে ডিম ছোড়া হয় এবং জুতার মালা পরতে বাধ্য করা হয়।

এর পরই শিক্ষার্থীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার গ্রহণের দাবি জানিয়ে ভুক্তভোগী এক ছাত্রী বলেন, ‘আমরা তার শাস্তি চাই এবং কলেজ থেকে অপসারণের দাবি জানাই।’

শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করেছে এবং ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।