• আজ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ড্রোন হামলার চেষ্টা, প্রতিরক্ষা ব্যবস্থা সফল

| নিউজ রুম এডিটর ৯:৪৬ অপরাহ্ণ | ২৭/০৭/২০২৬ আন্তর্জাতিক

সৌদি আরবে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যেগুলো ইরাকের দিক থেকে ছোড়া ড্রোনের মাধ্যমে পরিচালিত হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, সৌদি মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরাক থেকে আসা ড্রোনগুলো নামিয়ে ফেলেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনগুলোর লক্ষ্য ছিল সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো। সৌদির অভিযোগ, এই ড্রোনগুলো ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা উৎক্ষেপণ করা হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করেছে। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই হামলার খবর এসেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী “একাধিক ড্রোন” সফলভাবে প্রতিহত করেছে। তিনি অভিযোগ করেন, এই সন্ত্রাসী হামলার পরিকল্পনা ইরাকের ভূখণ্ড থেকে করা হয়েছে এবং তা ইরান-সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়াদের দ্বারা পরিচালিত হয়েছে। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা ও সক্ষমতা রক্ষার বৈধ অধিকার রয়েছে এবং উপযুক্ত সময় ও স্থানে হামলার জবাব দেয়ার অধিকারও তারা সংরক্ষণ করে।