• আজ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনসিপির

| নিউজ রুম এডিটর ৫:৪১ অপরাহ্ণ | ২৮/০৭/২০২৬ জাতীয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে প্রতারণা করছে। তিনি বলেন, ‘বিএনপি গণভোটের রায় কার্যকর করেনি এবং তারা ভারতের সাথে হাত মিলিয়েছে, তাই সীমান্ত হত্যা বিষয়ক কোনো কথা বলেনি। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করেও তারা শুধু ছাত্রদল ও যুবদলের কর্মসংস্থান নিয়ে চিন্তা করছে। তাই আগামী স্থানীয় নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে।’

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানটি গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার মাধ্যমে দেশ পুনর্গঠনের লক্ষ্যে আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে ১৪০০ জনকে যারা হত্যা করেছে, তারা খুনি। তাই আমরা দাবি করছি, তাদের বিচার করতে হবে। বিচার ছাড়া বাংলাদেশের মাটিতে তাদের কোনো স্থান হবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন এবং আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের এনসিপির চেয়ারম্যান প্রার্থী কামাল আহমেদ।