=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

| পিপলস ডিজিটাল ডেস্ক ৫:১০ অপরাহ্ণ | ০১/০৮/২০২৬ আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চম মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আরও এক মেয়াদের দায়িত্ব পাচ্ছেন।

শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন কাজী সালাউদ্দিন। ফলে সাফের গঠনতন্ত্র অনুযায়ী কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে তাকে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয়।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা শূন্যপদের সমান বা কম হলে ভোটগ্রহণ ছাড়াই কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচিত হন। সেই বিধানেই নতুন মেয়াদ নিশ্চিত হয়েছে সালাউদ্দিনের।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক এই ফুটবল তারকা। গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র থেকে ৭০ বছর বয়সসীমার বিধান বাতিল করা হয়। ফলে বর্তমানে ৭১ বছর বয়সি কাজী সালাউদ্দিন নতুন মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন।

নতুন কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির সদস্য হয়েছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

বাফুফের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও আঞ্চলিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফে নেতৃত্ব ধরে রাখলেন কাজী সালাউদ্দিন। নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে তার নেতৃত্বে শুরু হবে টানা পঞ্চম মেয়াদ।