• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের

| নিউজ রুম এডিটর ৮:৩৭ অপরাহ্ণ | ০৩/০৮/২০২৬ অন্যান্য দল

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের লুকিয়ে থাকা বা হিডেন চার্জ বন্ধ করতে হবে, তবেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

সোমবার বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে উত্তরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই আন্দোলনের সূচনা একদিনে হয়নি, এর ধারাবাহিকতা ২০১৮ সাল থেকেই শুরু হয়েছিল। ওই আন্দোলনে জামায়াতে ইসলামী সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গত ১ আগস্ট জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল এবং সে সময় শিশুদের ওপরও সহিংসতা চালানো হয়েছিল।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ শুধু মুখে মুখে রাখলে চলবে না, এটিকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এর পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দুর্নীতি শতভাগ নির্মূল করা গেলে দেশের অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে উল্লেখ করে তিনি রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে অবিলম্বে গ্যাসের দাম ও বিদ্যুতের মূল্য হ্রাসের দাবি জানান। আগামী ৫ আগস্ট ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে সকাল ১০টায় পল্টনে জমায়েত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।