• আজ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল

| নিউজ রুম এডিটর ১২:১০ অপরাহ্ণ | ১১/০৮/২০২৬ আইন ও আদালত

জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশসংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে এই নতুন কল রেকর্ড ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এর আগে সোমবার ট্রাইব্যুনাল-২ এ কথোপকথনগুলো প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। একই সঙ্গে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ এবং সহিংসতার দায় চাপানোর অডিও রেকর্ডও ট্রাইব্যুনালে পেশ করা হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে অডিও রেকর্ডগুলো উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে সাংবাদিকদের হাতে এই ফোনালাপের অনুলিপি তুলে দেওয়া হয়। মামলার নথির তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ ও ২১ জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার এসব ফোনালাপ রেকর্ড হয়।

১৯ জুলাই দুপুরের ওই ফোনালাপে শেখ হাসিনা ও হাছান মাহমুদের মধ্যে ‘পাল্টা আগুন’ দেওয়ার বিষয়ে কথা হয়। কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ওরা আগুন দিলে পাবলিক দিয়ে তাদের বাড়ি-গাড়ি পোড়াতে হবে। এই নির্দেশকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ‘টিট ফর ট্যাট’ বলে সমর্থন করেন এবং গায়েবানা জানাজার পর মহল্লায় যাওয়ার কথা বলেন। তখন শেখ হাসিনা সংশোধন করে জানান যে, মহল্লায় নয়, যার যার এলাকায় গিয়ে এমপিদের ডেকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

এই কথোপকথনের এক পর্যায়ে ওবায়দুল কাদের যুক্ত হন। সে সময় সেতু ভবনে আগুন দেওয়ার বিষয়টি উল্লেখ করে সেখানে র‌্যাব পাঠানোর নির্দেশ দেন শেখ হাসিনা। ফোনালাপে আরও শোনা যায়, তিনি নেতাকর্মীদের বলেন, আমাদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে, তাই ওদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানেও পাবলিককে দিয়ে আগুন দেওয়ানো হোক এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করতে বলা হয়।