=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না: জামায়াত আমির

| নিউজ রুম এডিটর ১২:১৫ অপরাহ্ণ | ১১/০৮/২০২৬ অন্যান্য দল

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের সরকারি উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সোমবার বিকেলে বগুড়া পর্যটন মোটেলে স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে এমনিতেই শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মেধাবীরা তাদের মেধার সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করা হলে মেধার মূল্যায়নের চেয়ে আর্থিক লেনদেন বেশি প্রাধান্য পাবে, যার ফলে মেধাবী প্রার্থীরা আবারও বঞ্চিত হবেন।

গণভোট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকারি দল একটির ফলাফল মেনে সরকার গঠন করলেও গণভোটের রায় মেনে নেয়নি। প্রায় ৭০ শতাংশ জনগণের মতামতকে উপেক্ষা করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেন তিনি। কোনো টালবাহানা না করে অবিলম্বে গণভোটের রায় মেনে রাষ্ট্রীয় সংস্কার কাজ সম্পন্ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিরোধী দল কোনো ছাড় দেবে না। সংসদে দাবি আদায় না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে বাধ্য করা হবে।

বগুড়া মহানগর জামায়াতের আমির মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।