
দল থেকে বহিষ্কারের পর এবার জাতীয় সংসদের দুটি কমিটি থেকেও বাদ পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠনের সময় জামায়াতে ইসলামীর অনুরোধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও একটি বিশেষ কমিটি থেকে তার সদস্যপদ বাতিল করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
কমিটি পুনর্গঠনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে গাজী নজরুল ইসলামের জায়গায় আবদুল ওয়ারেছকে সদস্য করা হয়েছে। একই কমিটিতে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ কমিটিতে গাজী নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন নাজিবুর রহমান।
এ ছাড়া আব্দুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আন্দালিব রহমান পার্থ আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির পদ ছেড়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির।
অন্যদিকে কার্যউপদেষ্টা কমিটিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের পরিবর্তে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে সদস্য করা হয়েছে।
এভাবে কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি দুই পদই হারালেন।























