• আজ ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন

বিরোধীদলের এমপিরা এখনও স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি

| নিউজ রুম এডিটর ১:০২ অপরাহ্ণ | ২৮/০৮/২০২৬ জাতীয়

বিরোধীদলের এমপিরা এখনও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফেসবুকে করা এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

 

টাইমস টুডের পাঠকদের জন্য রাশেদ খাঁনের করা পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

 

ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ ঘোষণার পর আজকে প্রথম সংসদে গেছে জামায়াতের আমির। ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে অ্যাটাক শুরু করেছে। বিরোধীদলের সব এমপিরা দাঁড়িয়ে যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রীকে কথা বলতে দিবে না! কিন্তু সরকারি দলের এমপিরা বেশ ভদ্রতা দেখাচ্ছে। তারা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হৈচৈ কিংবা পরিস্থিতি উত্তপ্ত করতে পারতো। কিন্তু বিএনপি ক্ষমতায় আছে, সুতরাং বিএনপিকে দায়িত্বশীল হতেই হবে।

এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ জন এমপির কান্নাকাটি করা লাগছে! সুতরাং সংসদে আরও যারা বিএনপির এমপি আছে, তারাও যদি জনাব সালাউদ্দিন আহমেদের মতো বলা শুরু করে, তবে বিরোধীদলের এমপিরা বলা শুরু করবে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না!

 

এজন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, এদেরকে আর বেশি যুক্তিতর্ক দিয়ে ধরিয়েন না, মাঝেমধ্যে অযৌক্তিক কথা হলেও বলতে থাকুক। শুনতে ভালো লাগবে না, তারপরেও তাদের বলতে দিতে হবে। বলতে বলতেই তারা শিখবে…. তারা তো এখনো আপনার ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারে নি যে, আপনার সাথে হাল্কা যুক্তি দিতে তর্ক করতে পারবে!